২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিমানের আরো চারটি ফ্লাইট চলছে

বৈমানিকদের কর্মবিরতিতে শুক্র ও শনিবার সব ফ্লাইট বাতিলের ঘোষণা দিলেও এ দুই দিনে বিশেষ ব্যবস্থায় আরো চারটি ফ্লাইট শাহজালাল বিমানবন্দর ছাড়ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2010, 05:34 AM

Updated : 25 Aug 2022, 07:30 PM

ঢাকা, অক্টোবর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বৈমানিকদের কর্মবিরতিতে শুক্র ও শনিবার সব ফ্লাইট বাতিলের ঘোষণা দিলেও এ দুই দিনে বিশেষ ব্যবস্থায় আরো চারটি ফ্লাইট শাহজালাল বিমানবন্দর ছাড়ছে। এর আগে বিমানের পক্ষ থেকে সিঙ্গাপুর ও লন্ডনগামী দুটি ফ্লাইট বিশেষ ব্যবস্থায় চালানোর কথা জানানো হয়। বৈমানিকদের কর্মসূচির কারণে নিয়মিত ফ্লাইট ব্যাহত হলেও হজ ফ্লাইট যথারীতি চলছে। জাতীয় পতাকাবাহী প্রতিষ্ঠান বিমানের জনসংযোগ কর্মকর্তা খান মোশাররফ হোসেন শুক্রবার দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার ঢাকা-কলকাতা (দুপুর ২টা ৪৫ মিনিট), ঢাকা-সিলেট (সন্ধ্যা ৬টা ৩০), ঢাকা-জেদ্দা (রাত ১০টা ৩০) এবং ঢাকা-রিয়াদ (রাত ১২টা ১৫) ফ্লাইটগুলো বিশেষ ব্যবস্থায় চলবে। এর আগে ঢাকা-সিঙ্গাপুর এবং ঢাকা-লন্ডন রুটের ফ্লাইট চালানোর কথা জানিয়েছিলেন তিনি। শুক্রবার সকাল সাড়ে ৯টায় সিঙ্গাপুর ফ্লাইটটি ছেড়ে গেছে। শনিবার সকাল সোয়া ৮টায় ঢাকা-লন্ডন ফ্লাইট রওনা হবে। যাত্রীদের কথা বিবেচনায় রেখে বিশেষ ব্যবস্থায় ফ্লাইটগুলো চালানোর সিদ্ধান্ত হয়েছে বলে খান মোশাররফ জানান। এর আগে বৃহস্পতিবার রাতে হজ ফ্লাইট ছাড়া শুক্র ও শনিবারের অন্য সব ফ্লাইট বাতিলের ঘোষণা দেয় বিমান। কর্তৃপক্ষ ও বৈমানিকদের পরস্পরবিরোধী অনড় অবস্থানে বিমানের ফ্লাইটসূচিতে এলোমেলো অবস্থা চলছিলো মঙ্গলবার রাত থেকে। সবচেয়ে বেশি বিপর্যয় ঘটে বৃহস্পতিবার। চালক সঙ্কটের কারণে বৃহস্পতিবার অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক গন্তব্যের ১৫টি নির্ধারিত ফ্লাইটের মধ্যে আটটি বাতিল করে বিমান। এর মধ্যে ছয়টি আন্তর্জাতিক গন্তব্যের। মঙ্গলবার রাতে চারজন বৈমানিককে ফ্লাইট পরিচালনা থেকে সাময়িক অব্যাহতি দেয় বিমান। এর প্রতিবাদে রাতেই অনির্দিষ্টকাল কর্মবিরতির সিদ্ধান্ত নেয় ১১৬ বৈমানিকের সংগঠন বাপা। বুধবার সন্ধ্যার মধ্যে ৫৩ জন বৈমানিক অসুস্থতার কারণ দেখিয়ে ফ্লাইট চালাতে অস্বীকৃতি জানায়। বাপা সদস্যের বাইরে বিমানের সাতজন চুক্তিভিত্তিক বৈমানিক রয়েছেন। এছাড়া কর্মকর্তাদের মধ্যে রয়েছেন প্রায় ১০ জন পাইলট। এদেরকে দিয়ে সঙ্কটকালীন পরিস্থিতি সামাল দেওয়া হচ্ছে বলে বিমানের কর্মকর্তারা জানিয়েছেন। ২০ অক্টোবর এক সংবাদ সম্মেলন থেকে পাঁচ দফা দাবিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেয় বাপা। দাবি না মানায় বিমান কর্তৃপক্ষের সঙ্গে করা চুক্তির বাইরে ২২ অক্টোবর থেকে কাজ করছেন না বাপা সদস্যরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এজে/এমআই/১৪৪২ ঘ.