ঢাকা, অক্টোবর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সাতক্ষীরা, সিরাজগঞ্জ ও রাজশাহীতে তিন গৃহবধূকে হত্যা করা হয়েছে।
যৌতুকসহ বিভিন্ন কারণে বুধবার রাত ও বৃহস্পতিবার স্বামীরা তাদের হত্যা করে বলে অভিযোগ পাওয়া গেছে।
এর মধ্যে রাজশাহীতে একজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধিদের পাঠানো খবর:
সাতক্ষীরা: বৃহস্পতিবার দুপুরে তালা উপজেলার গোনালী গ্রামে এক গৃহবধুকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
নিহতের নাম মণিমালা বিশ্বাস ওরফে খাদিজা খাতুন (৩০)।
বিকালে তালা থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
খাদিজা গোনালী গ্রামের জামাল গাজীর স্ত্রী।
পুলিশ জানায়, উপজেলার নলতা গ্রামের প্রকাশ বিশ্বাসের স্ত্রী মণিমালা বিশ্বাস ছয় মাস আগে সংসার ত্যাগ করেন এবং ধর্মান্তরিত হয়ে গোনালী গ্রামের জামাল গাজীকে বিয়ে করেন।
বিয়ের পরে তার নাম রাখা হয় খাদিজা খাতুন।
এ ঘটনার পর প্রকাশ বিশ্বাস তালা থানায় জামাল গাজীর বিরুদ্ধে একটি অপহরণ মামলা করেন। কিছুদিন পর পুলিশ জামাল গাজীকে গ্রেপ্তার করে। মামলায় জামিন পাওয়ার পর থেকে জামাল গাজী প্রায়ই স্ত্রীর ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাতেন।
আজ দুপুরে ঝগড়াঝাটির এক পর্যায়ে জামাল তার স্ত্রী খাদিজাকে বাড়ি থেকে চলে যেতে বলে। এতে রাজি না হওয়ায় খাদিজাকে মারধর করেন জামাল। এতে তার মৃত্যু হয়।
জামাল পরে তার গলায় গাড়ি পেঁচিয়ে প্রচার করে স্ত্রী আত্মহত্যা করেছে।
তালা থানার ওসি আবু বক্কর সিদ্দিক জানান, ময়না তদন্ত রিপোর্ট পাওয়ার পর জানা যাবে এটি হত্যা না আত্মহত্যা।
তিনি জানান, এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।
রাজশাহী: নগরীর জিন্নানগর এলাকায় গৃহবধু সাবিনাকে (২০) গলাটিপে হত্যার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় এই ঘটনার পর এলাকাবাসী স্বামী সুফিয়ানকে ধরে পুলিশে সোপর্দ করেছে। সুফিয়ান নিজে পুলিশের কাছে গলাটিপে স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেছেন।
পুলিশ ও এলাকাবাসী জানায়, নগরীর জিন্নানগর এলাকার সফি মিয়ার ছেলে সুফিয়ানের (২৮) সঙ্গে প্রায় এক বছর আগে নওগাঁর মান্দা উপজেলার চকসমজপুর গ্রামের সেকেন্দারের মেয়ে সবিনার বিয়ে হয়। স্বামী বেকার হওয়ার তাদের মধ্যে কলহ লেগেই থাকতো।
সম্প্রতি সাবিনা নগরীর বিসিক শিল্প এলাকায় একটি জুস কোম্পানিতে কাজ শুরু করেন। সুফিয়ান এতে ক্ষিপ্ত হন।
এ নিয়ে আজ সন্ধ্যায় স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়ার এক পর্যায়ে সুফিয়ান তার গলা টিপে ধরে। এতে সাবিনার মৃত্যু হয়।
এলাকাবাসী জানায়, সাবিনা ও সুফিয়ান দম্পতির এটি দ্বিতীয় বিয়ে। সাবিনার আগের পক্ষের একটি মেয়ে রয়েছে।
নগরীর বোয়ালিয়া থানার ওসি শাহাদাৎ হোসেন জানান, সুফিয়ান নিজেই হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছে। তাকে গ্রেপ্তার করে থানা নিয়ে আসা হয়েছে।
নিহত গৃহবধুর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে ওসি জানান।
সিরাজগঞ্জ: বুধবার গভীররাতে সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের জগতগাতি গ্রামে অন্তঃসত্ত্বা এক গৃহবধূকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
নিহতের নাম- মরিয়ম খাতুন।
নিহতের ভাই সাইফুল ইসলাম ও মোতালেব হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জগতগাতি গ্রামের শহিদুল ইসলামের ছেলে নুরুন্নবী'র সঙ্গে পাঁচ বছর আগে বিয়ে হয়। ওই সময় তারা ৮০ হাজার টাকা যৌতুক দেন।
এই টাকা নিয়ে নুরুন্নবীর বাবা মালয়েশিয়ায় যান। বিয়ের পর থেকেই নুরুন্নবী তার স্ত্রীকে অপছন্দ করে তাকে নানাভাবে নির্যাতন করতে থাকেন।
বুধবার রাতে নুরন্নবী ও তার মা-বোন মিলে শ্বাসরোধ করে মরিয়মকে হত্যা করে বলে তারা অভিযোগ করেন।
উপ-পরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের জানান, বৃহস্পতিবার সকাল থেকে বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য গ্রাম্য মাতব্বরা উভয় পক্ষের সঙ্গে সমঝোতা বৈঠক করতে থাকে।
খবর পেয়ে দুপুর আড়াইটার দিকে সদর থানার তিনি পুলিশ নিয়ে ঘটনাস্থলে যান। ঘটনাটি তদন্ত করা হচ্ছে বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২৩২৭ ঘ.
bdnews24