ঢাকা, অক্টোবর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর খিলক্ষেত এলাকায় ব্লেড দিয়ে এক গৃহবধূর শরীর কেটে জখম করেছে এক সন্ত্রাসী।
বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে খিলক্ষেত কুরাতলী এলাকায় এ ঘটনা ঘটে।
খিলক্ষেত থানার উপ-পরিদর্শক (এসআই) সোহেল মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সাড়ে ৫টার দিকে গলাকাটা ও পিটে জখম নিয়ে থানায় আসেন গৃহবধূ হাসনা বেগম (২৫)। পরে তাকে স্থানীয় একটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালে হাসনা বেগম জানান, স্থানীয় সন্ত্রাসী আজাদ মাদক কেনার জন্য তার কাছে টাকা দাবি করে এবং নানা কু-প্রস্তাব দেয়। এতে অস্বীকার করাতে ব্লেড দিয়ে তার গলা ও পিঠে পোচ দেয় আজাদ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/পিডি/২৩১৬ঘ.
bdnews24