ঢাকা, অক্টোবর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর বংশালে দাহ্য জাতীয় রাসায়নিক পদার্থ থাকায় দুই প্রতিষ্ঠানকে মোট সাত লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বংশালে রাসায়নিকের একটি গুদামে বিষ্ফোরণের পর এর মালিক মো. আসাদকে অগ্নিনির্বাপণ সনদ না থাকায় চার লাখ টাকা জরিমানা করা হয়।
একই সময় ১৫ নম্বর আরমানিটোলা ফ্যামাস পারফিউমারীর গুদামে অভিযান চালিয়ে অগ্নিনির্বাপণ সনদ না থাকা ও দাহ্য জাতীয় রাসায়নিক পাওয়ায় মালিক সৈয়দ মারুফ হোসেনের কাছ থেকে তিন লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযানে বৈজ্ঞানিক কর্মকর্তা ড. জহুরুল হক, দমকল বাহিনীর সহকারী পরিচালক জহুরুল হক, র্যাব-১০এর মেজর হায়াত এবং ম্যাজিস্ট্রেট এ এইচ এম আনোয়ার পাশা উপস্থিত ছিলেন।
বেলা সাড়ে ১১টার দিকে বংশালের ৪/১ গোবিন্দ দাস লেনে আসাদের গুদামে বিস্ফোরণের কারণে পুরো এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। পরে দমকল বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বিস্ফোরণের পর এলাকাবাসী রাসায়নিক পদার্থের গুদাম সরিয়ে নেওয়ার দাবিতে খণ্ডখণ্ড মিছিল করে।
স্থানীয় বাসিন্দা হাসান আহমেদ জানান, এই এলাকায় ৫০টির মতো রাসায়নিক গুদাম রয়েছে। নিমতলীর মতো এখানেও ভয়াবহ ঘটনা ঘটতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।
বাড়ির মালিক সুমন স্ত্রী এবং মাকে নিয়ে দোতলায় থাকেন। সুমন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকালে তিনি বাসা থেকে বের হয়ে যান। স্ত্রী তাকে ফোনে জানায়, নিচতলার গুদামের ভেতর বিকট বিস্ফোরণের শব্দ তিনি শুনেছেন এবং সেখান থেকে ধোঁয়া বের হচ্ছে।
এরপর তিনি দমকল বাহিনীকে বিষয়টি জানিয়ে নিজেও ফিরে আসেন।
দমকল বাহিনীর সহকারি পরিচালক মনির হোসেন জানান, তারা প্রায় আধাঘণ্টা চেষ্টা চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গুদামে ড্রামগুলোতে কষ্টিক সোডা এবং হাইড্রোজেন পারঅক্সাইড ছিলো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/পিডি/২২৩৯ঘ.
bdnews24