২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কালের কণ্ঠ সম্পাদক-প্রকাশককে আদালতে তলব

দৈনিক কালের কণ্ঠ পত্রিকার সম্পাদক ও প্রকাশকের বিরুদ্ধে আরেকটি মানহানির মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2010, 04:39 PM

Updated : 25 Aug 2022, 07:29 PM

ঢাকা, অক্টোবর ২৮(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দৈনিক কালের কণ্ঠ পত্রিকার সম্পাদক ও প্রকাশকের বিরুদ্ধে আরেকটি মানহানির মামলা হয়েছে। বৃহস্পতিবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে গৃহ নির্মাণ প্রতিষ্ঠান জেনোভ্যালীর ব্যবস্থাপনা পরিচালক মো. সালাহ উদ্দিন 'মিথ্যা তথ্য' পরিবেশনের অভিযোগে তাদের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। বিচারক শাহাদাৎ হোসেন পত্রিকাটির সম্পাদক আবেদ খান ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীনকে আগামী ১৮ জানুয়ারি আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন। এর আগে গত ২ অগাস্ট একই প্রতিষ্ঠান পত্রিকাটির সম্পাদক ও প্রকাশকের বিরুদ্ধে পাঁচশ' কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করে মানহানির মামলা করে। মামলায় অভিযোগ করা হয়, দৈনিক কালের কণ্ঠ পত্রিকায় গত মে থেকে সেপ্টেম্বর মাসের বিভিন্ন তারিখে জেনোভ্যালী পিংক সিটির বিরুদ্ধে 'মিথ্যা ও বানোয়াট' তথ্যের ভিত্তিতে সংবাদ প্রকাশিত হয়। আরজিতে বলা হয়, পত্রিকাটি 'পিংক সিটিতে জঙ্গীদের ঘাঁটি', 'পিংক সিটির জমি ক্রেতাদের উপর হামলা', 'হাউজিং ব্যবসার নামে সন্ত্রাসী লালন' শীর্ষক প্রতিবেদন প্রকাশ করে। এতে জেনোভ্যালীর মর্যাদা হানি হয়েছে ও ব্যবসায়িক সুনাম নষ্ট হয়েছে বলেও অভিযোগ করা হয়। মামলার আরজিতে উল্লেখ করা হয়, মালয়েশিয়ার একটি কোম্পানির সঙ্গে যৌথ উদ্যোগে ঢাকার খিলক্ষেত এলাকার ডুমনী মৌজায় 'পিংক সিটি' নামে ডুপ্লেক্স বাড়ির একটি আধুনিক প্রকল্প গড়ে তুলেছে জেনোভ্যালী। পত্রিকাটি বসুন্ধরা গ্র"পের পক্ষ নিয়ে পিংক সিটির ওই প্রকল্পের বিরুদ্ধে অপপ্রচারে নেমেছে বলে এতে অভিযোগ করা হয়। এদিকে বৃহস্পতিবার ঢাকার মহানগর হাকিম আদালতে দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার সম্পাদক শাহজাহান সরদার ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীনের বিরুদ্ধে একই অভিযোগে আরো একটি মামলা করেছেন জেনোভ্যালীর ব্যবস্থাপনা পরিচালক মো. সালাহ উদ্দিন। হাকিম দিলারা আলো চন্দনা আগামী ৭ ফেব্র"য়ারির মধ্যে এ মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য মহানগর গোয়েন্দা পুলিশকে নির্দেশ দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/জেবি/এইচএ/২২৩৬ ঘ.