ঢাকা, অক্টোবর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির সাবেক সংসদ সদস্য নাসিরউদ্দিন আহমেদ পিন্টুর বিরুদ্ধে একটি দুর্নীতি মামলার কার্যক্রম বাতিলের আবেদন খারিজ করেছে হাইকোর্ট।
বৃহস্পতিবার বিচারপতি একেএম ফজলুর রহমান ও বিচারপতি এএনএম বশির উল্লাহর বেঞ্চ এ আদেশ দেয়।
৭৯টি ত্রাণের টিন আত্মসাতের অভিযোগে ২০০৭ সালের ২৬ মার্চ হাজারীবাগ থানায় পিন্টুর বিরুদ্ধে পুলিশ মামলাটি দায়ের করে।
মামলাটি পরে দুর্নীতি দমন কমিশনে স্থানান্তর হয়।ওই বছরের ৭ অক্টোবর এ মামলায় অভিযোগপত্র দেওয়া হয়।
পিন্টুর পক্ষে আবেদনের শুনানি করেন অ্যাডভোকেট এস এম শাহজাহান। দুদকের পক্ষে ছিলেন অ্যাডভোকেট খুরশিদ আলম খান।
খুরশিদ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "হাইকোর্টের রায়ের ফলে পিন্টুর বিরুদ্ধে মামলাটির কার্যক্রম চলবে।"
মামলা বাতিলে পিন্টুর করা আবেদনে ২০০৮ সালে এর কার্যক্রম স্থগিত করে হাইকোর্ট। বৃহস্পতিবার আদালত সে স্থগিতাদেশ প্রত্যাহার করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/এমআই/১৭২২ ঘ.
bdnews24