২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়ান-ইলেভেন 'বিস্মিত' করেছিলো ফ্রোয়েনকে

ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত স্টিফেন ফ্রোয়েন বলেছেন, ওয়ান-ইলেভেনে কূটনীতিকদের কোনো ভূমিকা ছিলো না। বরং বাংলাদেশে জরুরি অবস্থা জারিতে তারাও বিস্মিত হয়েছিলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2010, 10:20 AM

Updated : 25 Aug 2022, 07:29 PM

ঢাকা, অক্টোবর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত স্টিফেন ফ্রোয়েন বলেছেন, ওয়ান-ইলেভেনে কূটনীতিকদের কোনো ভূমিকা ছিলো না। বরং বাংলাদেশে জরুরি অবস্থা জারিতে তারাও বিস্মিত হয়েছিলেন। পাঁচ বছর ঢাকায় দায়িত্ব পালনের পর বিদায় নেওয়ার আগে বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে তিনি একথা বলেন। ফ্রোয়েন বলেন, "অনেকে বলেছেন যে, এর (ওয়ান-ইলেভেন) পেছনে পশ্চিমা কূটনীতিকদের হাত ছিলো। কিন্তু আমি বলছি, পশ্চিমা কোনো প্লট এখানে ছিলো না। আমি বা চৌধুরী (আনোয়ার চৌধুরী) বা জার্মান, ইউকে, ভারত বা যে ১৬ কূটনীতিকের কথা বলা হয়, তারা কেউ এর সঙ্গে জড়িত ছিলেন না। ওয়ান-ইলেভেন অন্যদের মতো আমাদের জন্যও বিস্ময়কর ছিলো।" দেশে রাজনৈতিক সঙ্কটের প্রেক্ষাপটে ২০০৭ সালে জরুরি অবস্থা জারি হয়, যাতে সেনাবাহিনীর সরাসরি ভূমিকা ছিলো। প্রধান বিরোধী দল বিএনপির কয়েকজন নেতার দাবি, ওয়ান-ইলেভেনে কয়েকজন কূটনীতিকের ভূমিকা ছিলো। তবে ফ্রোয়েনের আগে অন্য কূটনীতিকরাও এ অভিযোগ প্রত্যাখ্যান করেন। জরুরি অবস্থা জারির জন্য বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে দায়ী করে ফ্রোয়েন বলেন, "আমরা জরুরি অবস্থা সমর্থন করি না। কারণ, এটি মানুষের অধিকারগুলো স্থগিত করে দেয়। কিন্তু কিছু রাজনৈতিক দলই জরুরি অবস্থা ডেকে এনেছিলো। যদি গণতান্ত্রিক চর্চা ঠিকভাবে চলে, তাহলে এটা হয়তো ভবিষ্যতে আর নাও ঘটতে পারে।" রাজনৈতিক সঙ্কট কাটাতে উদ্যোগ নেওয়ার বিষয়টি অবশ্য স্বীকার করেন এ কূটনীতিক। "তবে এটা ঠিক, আমাদের সিদ্ধান্ত (২০০৭ এর বাতিল নির্বাচন পর্যবেক্ষণ না করা) হয়তো কিছু লোককে তাদের সিদ্ধান্ত নিতে সহায়তা করেছে। তবে বিষয়টি এমন নয় যে আমরা মিলিটারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে তাদের পরামর্শ দিয়েছি। এর আগে আমরা বড় দুই জোটের সঙ্গে কথা বলেছি। কিন্তু তাতে কোনো সমাধান হয়নি", বলেন তিনি। ২০০৭ সালের ২২ জানুয়ারির বাতিল নির্বাচন বর্জনের যৌক্তিকতা তুলে ধরে ইইউ কূটনীতিক বলেন, "ইইউ সদর দপ্তরের নির্দেশে ওই নির্বাচন পর্যবেক্ষণ না করার সিদ্ধান্ত হয়েছিলো। এটা না করা হলে আমাদের দেশের জনগণের কাছে জবাবদিহি করতে হতো। "২০০৭ সালে মোট ভোটার সংখ্যা ছিলো ৯ কোটি ৩০ লাখ, ছবিসহ ভোটার তালিকা তৈরির পর হয়েছে ৮ কোটি ১০ লাখ। অর্থাৎ ভুয়া ভোটার থাকাটা প্রমাণ করে যে আমাদের নির্বাচন পর্যবেক্ষণ না করার সিদ্ধান্ত সঠিক ছিলো।" ওয়ান-ইলেভেনে ভূমিকা রাখার কথা নাকচ করলেও সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের কার্যক্রমের প্রশংসা করেন ইইউ কূটনীতিক। ফ্রোয়েন বলেন, "তত্ত্বাবধায়ক সরকার কিছুই যে করেনি, এটা ঠিক নয়। তারা বিশ্বের রেকর্ড সময়ে এতবড় একটা জনগোষ্ঠীর জন্যে ছবিসহ ভোটার তালিকা তৈরি শেষ করেছে, একটি নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত করেছে।" মিট দ্য প্রেস অনুষ্ঠানে ফ্রোয়েন একাত্তরের যুদ্ধাপরাধের বিচার এবং তার দায়িত্ব পালনের অভিজ্ঞতা নিয়েও কথা বলেন। যুদ্ধাপরাধের বিচারে আন্তর্জাতিক মান নিশ্চিত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, এটা বাংলাদেশের নিজস্ব বিষয়। তবে বিচার হতে হবে মুক্ত ও স্বচ্ছ। যুদ্ধাপরাধের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড থাকার কথা জানিয়ে ইইউ কূটনীতিক বলেন, "আমরা এ বিচারে সরাসরি সহায়তা করতে পারি না। কারণ এখানকার আইনে মৃত্যুদণ্ডের বিধান রয়েছে, যা ইইউ সমর্থন করে না।" বাংলাদেশের মূল সমস্যা হিসেবে তিনটিকে চিহ্নিত করেছেন তিনি। প্রথমটি জনসংখ্যা, দ্বিতীয় অর্থনৈতিক ও তৃতীয় জল ব্যবস্থাপনা। "এর মধ্যে জল ব্যবস্থাপনাটি জরুরি। কারণ হিমালয়ের বরফ গলছে। জলবায়ু পরিবর্তনে বাংলাদেশ যে ক্ষতিগ্রস্ত একটি দেশ, তা এখন বিশ্বে স্বীকৃত। এসব বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া দরকার", বলেন ফ্রোয়েন। জ্বালানি সমস্যা সমাধানে ভারতের সঙ্গে আলোচনা এবং নেপাল ও ভুটান থেকে বিদ্যুৎ আনার পরামর্শ দেন তিনি। রোহিঙ্গা সমস্যা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে ফ্রোয়েন বলেন, "রোহিঙ্গা সমস্যার সমাধান মিয়ানমারকেই করতে হবে। এটা শুধু বাংলাদেশের সমস্যা নয়, আঞ্চলিক সমস্যা।" ইইউর বিদায়ী কূটনীতিকের ওই মতবিনিময় সভায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি শামিম আহমেদ ও সাধারণ সম্পাদক প্রতীক সাহাও বক্তব্য রাখেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/কেএমএস/এমআই/১৫৩৯ ঘ.