২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বখাটেদের না পেয়ে মা'দের আটক

উত্ত্যক্তের প্রতিবাদকারী স্কুলশিক্ষার্থীর মায়ের মৃত্যুর ঘটনায় অভিযুক্ত হামলাকারীর মা'দের আটক করেছে ফরিদপুর পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2010, 07:32 AM

Updated : 25 Aug 2022, 07:30 PM

ফরিদপুর, অক্টোবর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উত্ত্যক্তের প্রতিবাদকারী স্কুলশিক্ষার্থীর মায়ের মৃত্যুর ঘটনায় অভিযুক্ত হামলাকারীর মা'দের আটক করেছে ফরিদপুর পুলিশ। আটকরা হলেন- দেবাশীষ সাহা রনির (২৪) সৎ মা প্রমিতা সাহা এবং রনির সহযোগী আলমগীরের মা খোদেজা বেগম। মঙ্গলবার সন্ধ্যায় মধুখালী উপজেলা সদরে রনির মটর সাইকেলের ধাক্কায় চাঁপা রাণী ভৌমিক (৪৮) নিহত হন বলে অভিযোগ। চাঁপা নিজের মেয়েকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় রনি এ ঘটনা ঘটিয়েছে বলে স্থানীয়রা জানিয়েছে। নিহত চাঁপা ফরিদপুর চিনিকলের বাণিজ্যিক বিভাগের কর্মী ছিলেন। সহকর্মীর মৃত্যুতে ফরিদপুর চিনিকলের শ্রমজীবী ইউনিয়ন বৃহস্পতিবার থেকে তিন দিনের শোক কর্মসূচি ঘোষণা করেছে। চিনিকল ও চিনিকল উচ্চ বিদ্যালয়ে কালোপতাকা উত্তোলন করা হয়েছে। শ্রমিক এবং শিক্ষার্থী ও শিক্ষকরা কালোব্যাজ ধারণ করেছেন। চাঁপা রাণীর মৃত্যুতে রনিকে আসামি করে বুধবার বিকালে মধুখালী থানায় একটি হত্যামামলা করেন তার ভাই অরুণ ভৌমিক। মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) মো. গিয়াসউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রনি ও তার সহযোগী আলমগীরের সন্ধানের জন্য রাতে তাদের মা'দের জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। রনি ও আলমগীরকে ধরতে দেশের বিভিন্ন এলাকায় বার্তা পাঠানো হয়েছে বলেও তিনি জানান। বুধবার বিকালে চাঁপা রাণীর শেষকৃত্য হয়। জেলা প্রশাসক হেলাল উদ্দিন আহমেদ, পুলিশ সুপার আওলাদ আলী ফকির চাঁপা রাণীর বাড়ি ও ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এলাকাবাসী জানায়, চাঁপা রাণীর মেয়ে ফরিদপুর চিনিকল উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণীতে পড়ে। দীর্ঘদিন ধরে তাকে উত্ত্যক্ত করে আসছিলো ওই এলাকার মদের ব্যবসায়ী রতন সাহার ছেলে রনি। বিষয়টি মধুখালী উপজেলা চেয়ারম্যান মফিজুর রহমানকে জানালে সে চাঁপা রাণীর পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেয়। এর জের ধরে মঙ্গলবার বিকাল সাড়ে ৫টার দিকে সে ফরিদপুর চিনিকল গুদামের সামনে চাঁপা রাণীর গায়ের উপর মটরসাইকেল তুলে দেয়। মধুখালীর ঘটনার ১৪ দিন আগে গত ১২ অক্টোবর নাটোরের বাগাতি বাড়ার লোকমানপুরে ছাত্রীদের উত্যক্ত করার প্রতিবাদ করায় লোকমানপুর কলেজের রসায়ন বিভাগের শিক্ষক মিজানুর রহমানের গায়ে মটর সাইকেল তুলে দেয় বখাটেরা। ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় ২৪ অক্টোবর মিজানুর মারা যান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৩৩০ ঘ.