২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ন্যাশনাল হাসপাতালে চিকিৎসক ধর্মঘট প্রত্যাহার

কর্তৃপক্ষ দাবি মেনে নেওয়ার আশ্বাস দেওয়ায় বৃহস্পতিবার সকালে ধর্মঘট প্রত্যাহার করেছেন পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2010, 06:15 AM

Updated : 25 Aug 2022, 07:30 PM

ঢাকা, অক্টোবর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কর্তৃপক্ষ দাবি মেনে নেওয়ার আশ্বাস দেওয়ায় বৃহস্পতিবার সকালে ধর্মঘট প্রত্যাহার করেছেন পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা। মঙ্গলবার রাতে এক রোগীর স্বজনদের হাতে মারধরের বিচার চেয়ে শিক্ষানবিশ চিকিৎসক এবং মেডিকেল অফিসাররা অনির্দিষ্টকালের এ ধর্মঘটের ডাক দেন। এতে জনসন রোডের ৩০০ শয্যার এ হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা প্রায় ভেঙে পড়ে। হাসপাতালের পরিচালক অধ্যাপক এমআর আজাদ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "চিকিৎসকদের দাবি অনুযায়ী বুধবার রাতেই রোগীর স্বজনদের হাসপাতালে প্রবেশে কার্ড প্রথা চালু করা হয়েছে।" তাদের অন্য দাবিগুলো মেনে নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, "বেলা ১১টা থেকে চিকিৎসকরা কাজ শুরু করেছেন।" এ বিষয়ে হাসপাতালের চিকিৎসক প্রবীর কুমার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "কর্তৃপক্ষের আশ্বাসে আমরা বেলা ১১টা থেকে কাজ শুরু করেছি।" হাসপাতালের মেডিকেল অফিসার পলাশ বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার রাতে মতি মিয়া (৭১) নামে এক ক্যান্সারের রোগী আসেন। কিন্তু হাসপাতালে ক্যান্সারের চিকিৎসা ব্যবস্থা না থাকায় তাকে অন্য হাসপাতালে যেতে পরামর্শ দেওয়া হয়। এক পর্যায়ে রোগীর স্বজনদের চাপে তাকে ভর্তি করা হয়। রোগীর স্বজনরা বিশেষজ্ঞ চিকিৎসক আনার দাবি জানালে তা নিয়ে শিক্ষানবিশ চিকিৎসকদের সঙ্গে বচসা হয় জানিয়ে পলাশ বলেন, "কোনো ছাড়পত্র ছাড়াই রোগীকে নিয়ে যাওয়ার চেষ্টা করার সময় বাধা দিলে কয়েকজন চিকিৎসক মারধরের শিকার হন।" এরপরই চিকিৎসকরা চার দফা দাবিতে ধর্মঘট ডাকেন। দাবিগুলোর মধ্যে হাসপাতাল ও কলেজে স্থায়ী পুলিশ ফাঁড়ি স্থাপন, রোগীর স্বজনদের হাসপাতালে প্রবেশে কার্ড প্রথা চালু এবং চিকিৎসক মারধরের ঘটনায় মামলা করার বিষয়ও ছিলো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএইচ/এজে/কেএমএস/১২১৪ ঘ.