২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কথিত খুনের ১৬ মাস পর জীবিত উদ্ধার

খুন ও গুম হওয়ার অভিযোগ এনে অভিভাবকের মামলা করার ১৬ মাস পর এক তরুণীকে জীবিত উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2010, 02:25 PM

Updated : 25 Aug 2022, 07:29 PM

বাগেরহাট, অক্টোবর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - খুন ও গুম হওয়ার অভিযোগ এনে অভিভাবকের মামলা করার ১৬ মাস পর এক তরুণীকে জীবিত উদ্ধার করেছে পুলিশ। বাগেরহাটের মোল্লাহাট উপজেলার কোদালিয়া গ্রাম থেকে পুলিশ মঙ্গলবার রাতে লাকি বেগম (২০) নামে এই তরুণীকে উদ্ধার করে। পুলিশ জানায়, লাকি বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার বড়বাড়িয়া গ্রামের হাছেন উদ্দিন শেখের মেয়ে। প্রায় দেড় বছর আগে ঢাকার একটি বাড়িতে গৃহপরিচারিকা হিসেবে কাজ করা অবস্থায় লাকি খুন ও গুম হন বলে মামলায় অভিযোগ করা হয়। তবে ওই গৃহকর্তার অভিযোগ, গত বছরের ৪ মার্চ লাকি তার বাসা থেকে ৪৫ ভরি স্বর্ণালঙ্কার ও কিছু মূল্যবান জিনিস নিয়ে পালিয়ে যায়। মেয়েকে বাঁচাতেই লাকির বাবা তাদের বিরুদ্ধে বাগেরহাট আদালতে হত্যা ও গুমের মামলা করেছেন। তবে লাকি স্বর্ণালঙ্কার নিয়ে পালানোর অভিযোগ অস্বীকার করেছেন। মোল্লাহাট থানার ওসি মাসুদ আলম জানান, লাকিকে কোদালিয়া গ্রামে তার আত্মীয় দুলাল খাঁর বাড়ি থেকে জীবিত উদ্ধারের মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে যে, তাকে হত্যা বা গুম করা হয়নি। তাকে ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে বুধবার বিকালে আদালতের মাধ্যমে বাগেরহাট কারাগারে পাঠানো হয়েছে বলে ওসি জানান। তিনি আরো জানান, ঢাকার শাহবাগ থানায় লাকির বিরুদ্ধে দায়ের করা স্বর্ণালঙ্কার চুরির মামলার বিষয়টি তারা জেনেছেন। লাকিকে উদ্ধারের সংবাদ শাহবাগ থানাকে জানানো হয়েছে। গত বছরের ৬ জুন বাগেরহাট বিচার বিভাগীয় হাকিম আদালতে আদালতে লাকির বাবা হাছেন উদ্দিন শেখ খুন ও গুমের মামলাটি করেন। ওই মামলায় লাকির গৃহকর্তা মোহাম্মদ সেলিম, তার স্ত্রী, ছোট ভাই ও ভায়রাসহ পাঁচ জনকে আসামি করা হয়। ১৭ জুন বাগেরহাটের চিতলমারী থানায় মামলাটি নথিভুক্ত হয়। তদন্তেঅভিযোগ মিথ্যা প্রমাণিত হওয়ায় চিতলমারী থানার উপ-পরিদর্শক লোকমান হোসেন ওই বছরের ২৪ সেপ্টেম্বর বাগেরহাট আদালতে চূড়ান্ত প্রতিবেদন দেন। এর বিরুদ্ধে হাছেন উদ্দিন নারাজি দিলে বাগেরহাটের মুখ্য বিচার বিভাগীয় হাকিম স্বপ্রণোদিত হয়ে মামলাটি আমলে নেন। বর্তমানে মামলাটি (এসসি ২৭০/২০১০) বাগেরহাট জেলা ও দায়রা জজ আদালতে বিচারাধীন। বাগেরহাট আদালত চত্বরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কাছে লাকি দাবি করেন, তিনি সোনা চুরি করেননি। গৃহকর্তা সেলিম তাকে ভারতের মুম্বাই শহরে পাচার করার চেষ্টা করেছিলেন। কিন্তু পাচার না করতে পেরে সেলিম ও তার পরিবারের সদস্যরা তাকে গোপন স্থানে লুকিয়ে রাখেন। তার কোনো খোঁজ না পেয়ে তার বাবা হত্যা ও গুমের মামলা করেছিলেন। দীর্ঘ ষোল মাস কোথায় কিভাবে তাকে লুকিয়ে রাখা হয়েছিলো বা তিনি কিভাবে ছাড়া পেলেন এসব জানাতে চাইলে লাকি কোন সদুত্তর দিতে পারেননি। এক পর্যায়ে লাকি বলেন, আটক থাকা অবস্থায় একদিন তাকে তরকারি কিনতে বাজারে পাঠালে তিনি পালিয়ে ঢাকার অন্য একটি বাড়িতে কাজ নিয়েছিলেন। দুদিন আগে তিনি তার বাবা-মার সঙ্গে দেখা করতে বাগেরহাটের চিতলমারী আসেন। গৃহকর্তার ঢাকার সেগুন বাগিচা এলাকার ব্যবসায়ী মোহম্মদ সেলিম লাকির অভিযোগ অস্বীকার করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, লাকির পালিয়ে যাওয়ার ঘটনায় তিনি ঢাকার শাহবাগ থানায় ২০০৪ সালের ১৭ মার্চ একটি চুরির মামলা দায়ের করেন। লাকিকে আটক করতে না পারলেও তদন্তে ঘটনার সত্যতা মেলায় পুলিশ ওই বছরের ডিসেম্বর মাসে তার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়। তিনি জানান, হত্যা ও গুম মামলায় তিনি ও তার স্ত্রীসহ তার আত্মীয়রা তিন দফা কারাভোগ করেছেন। বাগেরহাট কারাগারে আটক থাকা অবস্থায় গত বছরের ৬ নভেম্বর ঢাকা থেকে তাদের দেখতে আসার পথে তার কয়েকজন নিকটাত্মীয় সড়ক দুর্ঘটনায় পড়েন। এতে তাদের গাড়িচালক সাইফুল ইসলাম মারা যান। সেলিম আরো জানান, তারা কারাগারে থাকা অবস্থায় মামলার অভিযোগ থেকে অব্যাহতি দেওয়ার কথা বলে লাকির বাবা-মা তার কাছ থেকে পাঁচ লাখ টাকা নেন। বাগেরহাট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি শেখ ওয়াহিদুজ্জামান দিপুর মাধ্যমে তিনি লাকির পরিবারকে ওই টাকা পরিশোধ করেন। ওয়াহিদুজ্জামান টাকা লেনদেনের মধ্যস্থতা করার বিষয়টি স্বীকার করেন। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ বছরের ২২ জুন তার চেম্বারে সেলিমের দেওয়া পাঁচ লাখ টাকা গ্রহণ করে এফিডেবিট করে দেন লাকির বাবা-মা। ওয়াহিদুজ্জামান আরো জানান, লাকির মা ওই টাকা তখনই সোনালী ব্যাংক বাগেরহাট আদালত শাখা থেকে টিটি করে গোপালগঞ্জের পাটগাঁতি সোনালী ব্যাংক শাখায় কোনো একটি হিসাবে জমা করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০২৭ ঘ.