২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বন্দরের উপদেষ্টা কমিটির বৈঠকে ১৭ সুপারিশ

চট্টগ্রাম বন্দরকে গতিশীল করার জন্য ১৭টি সুপারিশ এসেছে বন্দরের উপদেষ্টা কমিটির বৈঠকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2010, 12:29 PM

Updated : 25 Aug 2022, 07:29 PM

ট্টগ্রাম, অক্টোবর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বন্দরকে গতিশীল করার জন্য ১৭টি সুপারিশ এসেছে বন্দরের উপদেষ্টা কমিটির বৈঠকে। বুধবারের সভায় আলোচনার পর এ বিষয়ে সার্বিক পরিকল্পনা গ্রহণ করতে বন্দর কর্তৃপক্ষ এবং নৌপরিবহন মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটিকে বলা হয়েছে। সভার পর নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান সাংবাদিকদের বলেছেন, বন্দরে সেনাঅবস্থান দীর্ঘ হবে না। উপদেষ্টা কমিটির এই বৈঠকে বন্দর ব্যবহারকারী সংগঠনগুলো না থাকার ঘোষণা দিলেও ১০টির মধ্যে নয়টির প্রতিনিধিই বৈঠকে অংশ নেয়। চট্টগ্রাম সরকারি ডাক বাংলোয় বৈঠকের পর উপদেষ্টা কমিটির সভাপতি ও নৌমন্ত্রী শাজাহান খান সাংবাদিকদের বলেন, বৈঠকে চট্টগ্রাম বন্দর সুষ্ঠুভাবে পরিচালনায় স্বল্প-মধ্য ও দীর্ঘমেয়াদে পরিকল্পনা গ্রহণের জন্য চট্টগ্রাম বন্দর ও সংসদীয় কমিটিকে দায়িত্ব দেওয়া হয়েছে। কমিটির আগামী সভায় তা উপস্থাপন করা হবে বলে তিনি জানান। দুইমাস পর আবার বৈঠকে বসবে উপদেষ্টা কমিটি। সুপারিশগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো- বন্দরের দক্ষতা বৃদ্ধি, বন্দরের অভ্যন্তরে মালামাল চুরি বন্ধ এবং নিরাপত্তায় বন্দর পুলিশ গঠন, কর্ণফুলীতে ক্যাপিটাল ড্রেজিং করা, শ্রমিক ব্যবস্থাপনায় উদ্যোগ, আধুনিক যন্ত্রপাতি ক্রয় এবং বন্দরের অভ্যন্তরে বেসরকারি যন্ত্রপাতি ব্যবহার, বন্দর ব্যবহারকারীদের নিয়ে নিয়মিত বৈঠক, নিউমুরিং কন্টেইনার টার্মিনালের জন্য দরপত্র আহ্বান, বন্দরে নতুন মাল্টি স্টোরড কার পার্কিং জোন স্থাপন, দ্রুত পণ্য খালাস, বন্দরের তথ্য সংগ্রহে পৃথক সেল গঠন, শ্রমিকদের বেতন বাড়ানো ইত্যাদি। ৪২ জনের এ উপদেষ্টা কমিটিতে আরো চারজনকে অন্তর্ভুক্ত করার ঘোষণা দেন মন্ত্রী। চট্টগ্রামের জেলা প্রশাসক ছাড়া নতুন অন্য তিনজন হলেন বন্দর ব্যবহারী তিনটি সংগঠনের প্রতিনিধি। সভার শুরুতে বন্দর চেয়ারম্যান ও উপদেষ্টা কমিটির সদস্য সচিব কমোডর আর ইউ আহমেদ বন্দরের বর্তমান পরিস্থিতি সম্পর্কে সূচনা বক্তব্য দেন। গত ৬ অক্টোবর সরকার চট্টগ্রাম বন্দরের গতিশীলতা আনতে সুপারিশ গ্রহণের জন্য ৪২ সদস্যের এ উপদেষ্টা কমিটি গঠন করে। এতে মন্ত্রী ও স্থানীয় এমপি ছাড়া সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তা এবং বন্দর ব্যবহারকারীদের সদস্য করা হয়। বুধবারের বৈঠকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র এম মনজুর আলম, নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নূর-ই আলম চৌধুরী লিটন, সংসদ সদস্য মোশাররফ হোসেন, মঈনুদ্দিন খান বাদল, শামসুল হক চৌধুরী, মোস্তফা কামাল পাশা উপস্থিত ছিলেন। বন্দর ব্যবহারকারী সংগঠনের প্রতিনিধিদের মধ্যে বিজিএমইএ'র প্রথম সহ-সভাপতি নাসির উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বারের সভাপতি ও সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালাম, সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাজী মাহমুদ ইমাম বিলু, বারভিডার সভঅপতি হাবিবুল্লাহ ডন, কোস্টাল শিপ ওনার্স অ্যাসোসিয়েশনের হাজী শফিক আহমদ, শিপার্স কাউন্সিলের জসিম ইউ আহমেদ, কার্গো ভ্যাসেল ওনার্স অ্যাসোসিয়েশনের খুরশীদ আলম, এফবিসিসিআই'র এস এম নুরুল হক, বার্থ অপারেটর অ্যাসোসিয়েশনের পক্ষে ফজলে ইকরাম চৌধুরী, শিপিং এজন্টস অ্যাসোসিয়েশনের কেএম মাহমুদুর রহমান, বিকেএমইএ'র পরিচালক খুরশীদ আলম প্রমুখ উপস্থিত ছিলেন। সেনা মোতায়েন দীর্ঘস্থায়ী হবে না বন্দরে সেনা মোতায়েন প্রসঙ্গে নৌমন্ত্রী বলেন, "গণতান্ত্রিক সরকার কখন সেনা মোতায়েনে বাধ্য হয়? যখন একটি পক্ষ বন্দরকে অকার্যকর ও গোলযোগ সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত হয়- তখনই বাধ্য হয়ে সরকার সেনা মোতায়েন করেছে।" 'যত শিগগির' সম্ভব সেনাবাহিনী প্রত্যাহার করা হবে বলে জানান তিনি। বন্দরের কাজ ব্যাহত করার সুযোগ কাউকে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন নৌমন্ত্রী। শ্রমিক নেতা শাজাহান বলেন, "বন্দরে একাধিক ইউনিয়ন থাকলে কেউ কাজ করবে, কেউ করবে না- এরকম পরিস্থিতির সৃষ্টি হয়। এখন একটিমাত্র ইউনিয়ন রয়েছে।" বার্থ অপারেটরদের অধীনে কর্মরত শ্রমিকদের মধ্যে একটি ইউনিয়ন হবে এবং সেটি সিবিএ হিসেবে বিবেচিত হবে জানিয়ে তিনি বলেন, "ভবিষ্যতে শ্রমিকদের সমস্যা নিয়ে আমরা তাদের সাথেই আলোচনা করবো।" বন্দর ব্যবহারকারীদের বৈঠকে অংশগ্রহণ উপদেষ্টা কমিটিকে 'মাথাভারী প্রশাসন' আখ্যা দিয়ে বুধবারের বৈঠকে অংশ না নেয়ার ঘোষণা দিয়েছিলো চট্টগ্রাম চেম্বারের নেতৃত্বাধীন বন্দর ব্যবহারকারীদের সংগঠন পোর্ট ইউজার্স ফোরাম। তবে সে সিদ্ধান্তের বাইরে গিয়ে চেম্বার ছাড়া অন্য সব বন্দর ব্যবহারকারী সংগঠনের প্রতিনিধিরা উপদেষ্টা কমিটির বৈঠকে অংশ নিয়েছেন। সোমবার পোর্ট ইউজার্স ফোরামের সভায় চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ, বিজিএমইএ, বিকেএমইএ, শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশন, সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশন, শিপার্স কাউন্সিল অফ বাংলাদেশ, বিএমএসএ, বারভিডা, পিকডার প্রতিনিধিরা অংশ না নেয়ার ঘোষণা দিয়েছিল। কিন্তু বুধবার চট্টগ্রাম চেম্বার ছাড়া বাকি সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। নৌমন্ত্রী সাংবাদিকদের বলেন, "কেউ কেউ উপদেষ্টা কমিটিকে মাথাভারী প্রশাসন বলেছেন। কিন্তু এটি প্রশাসনিক কোনো কমিটি নয়। শুধুমাত্র সুপারিশ গ্রহণের জন্য এটি করা হয়েছে।' "যত বেশি সদস্য থাকবে তত বেশি সুপারিশ আসবে", বলেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমআই/১৮২২ ঘ.