২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাংবাদিক কামরানকে অচেতন অবস্থায় উদ্ধার

বৈশাখী টেলিভিশনের প্রতিবেদক কামরান করিমকে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অচেতন অবস্থায় পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2010, 09:45 AM

Updated : 25 Aug 2022, 07:29 PM

ঢাকা, অক্টোবর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বৈশাখী টেলিভিশনের প্রতিবেদক কামরান করিমকে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অচেতন অবস্থায় পাওয়া গেছে। বুধবার দুপুর সোয়া ৩টার দিকে উল্লাপাড়া রেল স্টেশনে তার সন্ধান মেলে বলে টেলিভিশনটির বিশেষ প্রতিনিধি দীপ আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন। তিনি বলেন, কামরান করিম সেখানে কীভাবে গেলেন, কেমন করে অচেতন হলেন, তা এখনো জানা যায়নি। উল্লাপাড়া থানার ওসি তাজুল হুদা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রেল ষ্টেশন সংলগ্ন ফসলি জমির ক্ষেতে অচেতন অবস্থায় কামরানকে পাওয়া যায়। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানান তিনি। মঙ্গলবার সকাল পৌনে ১০টার দিকে বাসা থেকে অফিসের উদ্দেশে বেরিয়ে যাওয়ার পর নিখোঁজ ছিলেন বৈশাখী টেলিভিশনের জ্যেষ্ঠ প্রতিবেদক কামরান। তার স্ত্রী নাজিয়া বিনতে হামিদ সেদিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বাসা থেকে সে রিকশায় করে অফিসে রওয়ানা হয়। পৌনে ১২টার দিকে ফোন করলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। অফিসে খোঁজ নিয়ে জানতে পারি সে অফিসেও পৌঁছায়নি।" এরপর বৈশাখী টেলিভিশনের অ্যাসাইনমেন্ট এডিটর শেখ নজরুল ইসলাম সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, "বাসা থেকে বের হওয়ার সময় কামরানের মোবাইলে একটি ফোন আসে। তিনি কথা বলতে বলতে বের হয়ে যান। এরপর তিনি আর অফিসে আসেননি।" এ বিষয়ে কামরানের স্ত্রী নাজিয়া বাড্ডা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/আরএ/এমআই/১৬৫৪ ঘ.