ঢাকা, অক্টোবর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ এয়ারলাইন পাইলটস অ্যাসোসিয়েশন (বাপা) এর কর্মবিরতিতে পাইলট সঙ্কট হওয়ায় নির্ধারিত সময়ের সাত ঘণ্টা পর দুপুর ১টার পর ঢাকা-লন্ডন ফ্লাইটটি ছেড়ে গেছে। যাত্রীদের নির্ধারিত বিমানটির পরিবর্তে পাইলটসহ ভাড়া করা বিমানে পাঠানো হয়েছে।
ফ্লাইটটি বুধবার সকাল ৬টায় ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যাওয়ার কথা ছিলো।
পাইলট সঙ্কটের কারণে সকালে বিমানবন্দরের নিয়ন্ত্রণ কক্ষ থেকে সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানানো হয়, বিমানের ঢাকা-লন্ডন ফ্লাইটটি ভোর ৬টায় ছেড়ে যাওয়ার কথা থাকলেও তা পিছিয়ে বেলা ১২টায় নির্ধারণ করা হয়েছে।
এরপর দুপুর সোয়া ১২টার দিকে জানানো হয়, একই কারণে ফ্লাইটটি আরো পৌনে এক ঘণ্টা বিলম্বিত হতে পারে।
দুপুর দেড়টার দিকে জানানো হয়েছে, দুপুর ১টার পরপর ৩০০ যাত্রী নিয়ে ঢাকা-লন্ডন ফ্লাইটটি ছেড়ে গেছে। তবে নির্ধারিত এয়ারবাস ৩১০ এর পরিবর্তে পাইলটসহ ভাড়া করা বোয়িং ৭৭৭-২০০ এ যাত্রীরা রওনা করেছেন।
ওদিকে সিভিল এভিয়েশন ফ্লাইট ইনফরমেশন রুম থেকে জানানো হয়েছে, বুধবার বেলা সাড়ে ১১ নির্ধারিত লন্ডন-ঢাকা-সিলেট ফ্লাইটটি বিকাল সাড়ে ৩টায় পর্যন্ত ছাড়েনি। বিকাল ৫টায় অভ্যন্তরীণ রুটের আরেকটি ফ্লাইটের সঙ্গে সিলেট যাবে সেটি। অভ্যন্তরীণ রুটের ঢাকা-সিলেট ফ্লাইটটি বিকাল ৪টায় ছাড়ার কথা ছিলো।
চার বৈমানিককে শাস্তির আদেশ দেওয়ার পর বাপা বুধবার ভোর থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছে।
তবে হজ ফ্লাইট কর্মবিরতির আওতামুক্ত রয়েছে বলে জানিয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড এর এক ঊর্ধ্বতন কর্মকর্তা ও বাপার এক নেতা।
বিমানের ওই কর্মকর্তা আরো জানিয়েছেন, বুধবার সকালে অন্তত ৪০ জন পাইলট অসুস্থতার কারণ দেখিয়ে ফ্লাইট চালাতে পারবেন না জানিয়ে রিপোর্ট করেছেন।
তবে বাপার একজন নেতা নাম প্রকাশ না করার শর্তে দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, তাদের ৫২ থেকে ৫৩ জন পাইলট অসুস্থ বলে রিপোর্ট করেছেন।
বিমানের ব্যবস্থাপনা পরিচালক জাকিউল ইসলাম বুধবার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "প্রায় ৪০ জন পাইলট অসুস্থ (সিক রিপোর্ট) বলে রির্পোট করেছেন। এর ফলে ফ্লাইটসূচি এলোমেলো হতে পারে।"
"পাইলটদের কর্মবিরতির কারণে হজ ফ্লাইটে কোনো সমস্যা হবে না। হজ ফ্লাইট কর্মবিরতির আওতা মুক্ত থাকবে", বলেন তিনি।
একই কথা জানিয়েছেন বাপার ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন।
বুধবার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "পাইলটদের সঙ্গে আলোচনা করে সমস্যা সমাধনের চেষ্টা চলছে। হজ ফ্লাইট কর্মবিরতির আওতামুক্ত রয়েছে।"
এর আগে মঙ্গলবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "রাত ৯টায় আমরা বিমান কর্তৃপক্ষের কাছ থেকে একটি নোটিশ পেয়েছি।"
নোটিশে জাকির এবং সমিতির সাধারণ সম্পাদক এমএ বাসিত মাহবুব ও এএম মাকসুদকে ফ্লাইট চালানো থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। একই নোটিশে বাপার আরেক সদস্যকে কারণ দর্শাতে বলেছে বিমান।
এ প্রেক্ষিতে বাপার সদস্য বিমানের একশ' ১৬ জন বৈমানিক অনির্দিষ্টকালের ধর্মঘট ডেকেছে বলে জানান জাকির।
২০ অক্টোবর এক সংবাদ সম্মেলন থেকে পাঁচ দফা দাবিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেয় বাপা। দাবি না মানায় বিমান কর্তৃপক্ষের সঙ্গে করা চুক্তির বাইরে শুক্রবার থেকে কাজ করছেন না বাপা সদস্যরা।
অর্থাৎ মাসে ৭০ ঘণ্টার বেশি এবং দুটি ফ্লাইট চালানোর মধ্যবর্তী বিশ্রামের সময় ফাইট চালাচ্ছেন না পাইলটরা।
বাপার পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে- বৈমানিকদের চাকরির বয়সসীমা ৫৭ থেকে বাড়িয়ে ৬২ বছর করে বিমানের জারি করা আদেশ বাতিল, ওয়েট লিজ (ক্রু, ইন্সুরেন্সসহ বিমান ভাড়া করা) বাতিল করে ড্রাই লিজ (শুধু বিমান ভাড়া করা) বাস্তবায়ন, বিমানের সাধারণ কর্মকর্তা-কর্মচারীদের ব্যক্তিগত পাওনা সমন্বয়ের নামে প্রণোদনা (ইনক্রিমেন্ট) বন্ধের পরিকল্পনা বাতিল।
এছাড়া বিমানের চাকরিচ্যুত দুই কর্মকর্তাকে পুনর্বহাল করে সুনির্দিষ্ট অভিযোগে তাদের বিচারের ব্যবস্থা করা এবং বিমানের গ্রাউন্ড হ্যান্ডলিং মানসম্পন্ন করতে প্রয়োজনীয় যন্ত্রপাতি কেনা ও জনবল বাড়ানো। এর মধ্যে বয়স বাড়ানোর বিষয়টি আদালতে বিচারাধীন।
গত ৯ অক্টোবর ভোররাতে হজ ফ্লাইট শুরু হয়েছে। আগামী ১০ নভেম্বর পর্যন্ত হজ ফ্লাইট চলবে। ফিরতি ফ্লাইট ২১ নভেম্বর শুরু হয়ে ২১ ডিসেম্বর পর্যন্ত চলবে।
এবছর হজযাত্রীর সংখ্যা প্রায় ৯৪ হাজার। গতবছর এ সংখ্যা ছিলো ৫৮ হাজার। সৌদি এয়ারলাইন্সসহ ১০টি এয়ারলাইন্সের বিমানে এসব হজযাত্রীর যাওয়ার কথা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/পিসি/এজে/১৫৪০ ঘ.
bdnews24