ঢাকা, অক্টোবর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বর্তমান সরকারের সময়ে দুর্নীতির বিস্তার ব্যাপক দাবি করে বিএনপি নেতা নজরুল ইসলাম খান বলেছেন, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের প্রতিবেদনে তার আংশিক এসেছে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল বুধবার সাংবাদিকদের বলেন, "বর্তমান সরকারের আমলের দুর্নীতি অধিকতর বৃদ্ধি পেয়েছে। দুর্নীতি প্রতিরোধে সরকার চরমভাবে ব্যর্থ হয়েছে। সাধারণ মানুষের ধারণা নেওয়া হলে টিআই'র প্রতিবেদনের সূচক ছাড়িয়ে যাবে।"
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআই) মঙ্গলবার দুর্নীতির যে ধারণা সূচক প্রকাশ করে তাতে দেখা যায়, এক বছরে দেশে দুর্নীতির চিত্র পাল্টায়নি। এবারের তালিকায় বাংলাদেশের একধাপ অবনমন হলেও স্কোর ছিলো আগের বছরের সমান।
শ্রমিক নেতা নজরুল বলেন, "টিআই এর ধারণা সূচকটি নির্ধারিত হয়েছে ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের ধারণার মতামত জরিপ থেকে। বাংলাদেশে এখন অনেক শিল্প-কারখানা বন্ধ হয়ে যাচ্ছে। মানুষের কোনো কর্মসংস্থান নেই। বিনিয়োগও নেই। তাই টিআই'র প্রতিবেদনটি আংশিক।
"কিন্তু এটা সত্য, সরকার তার নির্বাচনী অঙ্গীকার দুর্নীতি নির্মূলে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। টিআই'র এ ধারণাসূচক ফলাফল দেশের জন্য লজ্জাজনক।"
বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের সময়ে টিআইয়ের প্রতিবেদন অনুযায়ী শীর্ষ দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় উঠে এসেছিলো বাংলাদেশ। একই ঘটনা ঘটেছিলো আওয়ামী লীগের আগের আমলেও।
নজরুল বলেন, "এ সরকারের আমলে দুর্নীতির চেহারা কেমন, তা জনগণের মতামত নিলেই বেরিয়ে আসবে। ক্ষমতায় গেলে দুর্নীতি নির্মূলের অঙ্গীকার ছিলো তাদের। কিন্তু তারা টেন্ডারবাজি, সন্ত্রাস, দখলবাজি থেকে কি না করছে।"
বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী যুবদলের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকালে জিয়াউর রহমানের কবরে ফুল দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নজরুল।
যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল সাংবাদিকদের বলেন, ৩২ বছর আগে এ সংগঠন প্রতিষ্ঠা করেছিলেন জিয়াউর রহমান। যুব সমাজকে দেশ গড়ার কাজে সম্পৃক্ত করতেই তিনি এ উদ্যোগ নেন।
"বর্তমান সরকার স্বৈরাতান্ত্রিকভাবে বিরোধী দলের ওপর দমন-নির্যাতন চালাচ্ছে, তাদের প্রতিরোধই আজকের দিনের শপথ", বলেন তিনি।
জিয়ার কবরে ফুল দেওয়ার সময় যুবদল নেতাদের সঙ্গে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এমকে আনোয়ার, সিনিয়র যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
যুবদল নেতাদের মধ্যে ছিলেন সহসভাপতি আবদুস সালাম আজাদ, সাধারণ সম্পাদক সাইফুল আলম নীরব, যুগ্ম সাধারণ সম্পাদক মোরতাজুল করিম বাদরু, ঢাকা জেলা দক্ষিণের সভাপতি হামিদুর রহমান হামিদ, উত্তরের সভাপতি মামুন হাসান, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আকম মোজাম্মেল প্রমুখ।
জিয়ার কবরে ফুল দেওয়ার পর সহস্রাধিক যুবদলকর্মী সেখানে মোনাজাত করেন।
যুগ্ম সাধারণ সম্পাদক বাদরু জানান, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তিনদিনের কেন্দ্রীয় কর্মসূচি গ্রহণ করেছে যুবদল। ২৯ অক্টোবর বিকালে মুক্তাঙ্গন থেকে শোভাযাত্রা ও ৩১ অক্টোবর বিকালে মহানগর নাট্যমঞ্চে আলোচনা সভা হবে। এছাড়া বিভিন্ন জেলা-উপজেলায়ও কর্মসূচি পালন করা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৩৫০ ঘ.
bdnews24