২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চারজনকে অব্যাহতির পর বিমানে বৈমানিক ধর্মঘট

চার বৈমানিককে শাস্তির আদেশ দেওয়ার পর বাংলাদেশ এয়ারলাইন পাইলটস অ্যাসোসিয়েশন অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট ডেকেছে। (বিস্তারিত)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2010, 07:17 PM

Updated : 25 Aug 2022, 07:28 PM

ঢাকা, অক্টোবর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চার বৈমানিককে শাস্তির আদেশ দেওয়ার পর বাংলাদেশ এয়ারলাইন পাইলটস অ্যাসোসিয়েশন অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট ডেকেছে। অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে মঙ্গলবার রাতে বলেন, "রাত ৯টায় আমরা বিমান কর্তৃপক্ষের কাছ থেকে একটি নোটিশ পেয়েছি।" নোটিশে জাকির এবং সমিতির সাধারণ সম্পাদক এমএ বাসিত মাহবুব ও এএম মাকসুদকে ফ্লাইট চালানো থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। একই নোটিশে বাপার আরেক সদস্যকে কারণ দর্শাতে বলেছে বিমান। এ প্রেক্ষিতে বাপার সদস্য বিমানের একশ' ১৬ জন বৈমানিক অনির্দিষ্টকাল ধর্মঘট ডেকেছে বলে জানান জাকির। ২০ অক্টোবর এক সংবাদ সম্মেলন থেকে পাঁচ দফা দাবিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেয় বাপা। দাবি না মানায় বিমান কর্তৃপক্ষের সঙ্গে করা চুক্তির বাইরে শুক্রবার থেকে কাজ করছেন না বাপা সদস্যরা। অর্থাৎ মাসে ৭০ ঘণ্টার বেশি এবং দুটি ফ্লাইট চালানোর মধ্যবর্তী বিশ্রামের সময় ফাইট চালাচ্ছেন না পাইলটরা। বাপার পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে- বৈমানিকদের চাকরির বয়সসীমা ৫৭ থেকে বাড়িয়ে ৬২ বছর করে বিমানের জারি করা আদেশ বাতিল, ওয়েট লিজ (ক্রু, ইন্সুরেন্সসহ বিমান ভাড়া করা) বাতিল করে ড্রাই লিজ (শুধু বিমান ভাড়া করা) বাস্তবায়ন, বিমানের সাধারণ কর্মকর্তা-কর্মচারীদের ব্যক্তিগত পাওনা সমন্বয়ের নামে প্রণোদনা (ইনক্রিমেন্ট) বন্ধের পরিকল্পনা বাতিল। এছাড়া বিমানের চাকরিচ্যুত দুই কর্মকর্তাকে পুনর্বহাল করে সুনির্দিষ্ট অভিযোগে তাদের বিচারের ব্যবস্থা করা এবং বিমানের গ্রাউন্ড হ্যান্ডলিং মানসম্পন্ন করতে প্রয়োজনীয় যন্ত্রপাতি কেনা ও জনবল বাড়ানো। এর মধ্যে বয়স বাড়ানোর বিষয়টি আদালতে বিচারাধীন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/পিকেএস/টিএ/পিডি/০১২৩ঘ.