ঢাকা, অক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ওসমানি উদ্যানে শিশুদের জন্য আলাদা কর্নার উদ্বোধন করা হয়েছে মঙ্গলবার। কোনো উদ্যানে শিশুদের জন্য এটিই প্রথম বিশেষ ব্যবস্থা।
শিশু কর্নার উদ্বোধন করে মহিলা ও শিশু প্রতিমন্ত্রী শিরীন শারমিন চৌধুরী বলেন, "ঢাকাসহ সারা দেশের পার্কগুলোতে শিশুদের জন্য শিশু কর্ণার করা হবে। শিশুদের খেলার মুক্ত পরিবেশ পেতে এটা সহায়ক হবে।"
এ সময় তিনি সূর্যমুখী নামের একটি ভাষ্কর্যও উদ্বোধন করেন।
ঢাকা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, শিশু কর্নারে শিশুদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা করা হবে।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব তারিক-উল ইসলাম, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. হাফিজুর রহমান ও বাংলাদেশ শিশু একাডেমির পরিচালক ফাল্গুনী হামিদ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/পিডি/২০০৪ঘ.
bdnews24