২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কেরানীগঞ্জে আহত নাতি সালমানও মারা গেছে

ঢাকার কেরানীগঞ্জে সোমবার নানী-নাতিকে কুপিয়ে হত্যার সময় আহত আরেক নাতি সালমান (৫) মঙ্গলবার বিকাল সাড়ে ৫টার দিকে মারা গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2010, 01:11 PM

Updated : 25 Aug 2022, 07:28 PM

ঢাকা, অক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার কেরানীগঞ্জে সোমবার নানী-নাতিকে কুপিয়ে হত্যার সময় আহত আরেক নাতি সালমান (৫) মঙ্গলবার বিকাল সাড়ে ৫টার দিকে মারা গেছে। সালমান ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলো। এ নিয়ে কেরানীগঞ্জের মাদারীপুর গ্রামে ওই ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়ালো তিন। সোমবার রাত সাড়ে ১০টার দিকে নানী শাহিদা বেগম (৪৫) ও তার মেয়ে আশার ছেলে আহাদের (৫) মৃতদেহ উদ্ধার করে কেরানীগঞ্জ থানা। ওই সময় সালমানকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। হত্যায় জড়িত সন্দেহে নিহত সলামানের বাবা এবং শাহিদার ছেলে সেলিমকে মঙ্গলবার গ্রেপ্তার করেছে পুলিশ। শাহিদার স্বামী ইসমাইল হোসেনকেও জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। সোমবার শাহিদা বেগমের স্বামী ঢাকা সিটি কর্পোরেশনের কর্মচারী ইসমাইল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল সাড়ে ৬টায় তিনি বাসা থেকে বের হয়ে যান। বাসায় ছিলেন তার স্ত্রী ও দুই নাতি। বেলা সাড়ে ৩টার দিকে এসে দেখেন বাইরে থেকে তালা দেওয়া। স্ত্রী কোথাও বেড়াতে গেছেন মনে করে তিনি সন্ধ্যা পর্যন্ত বাইরে কাটান। কিন্তু সন্ধ্যার পরও বাসায় না ফেরায় তিনি পরিচিতদের বাসায় খোঁজ নেন। পরে রাত সাড়ে ৯টার দিকে বাসার জানালার কাছে গিয়ে ভেতরে গোঙানির শব্দ শুনতে পান। জানালা দিয়ে ভেতরে উঁকি দিয়ে ঘরের ভেতর আধা আলোয় তার স্ত্রী ও দুই নাতিকে পড়ে থাকতে দেখেন বলে জানান ইসমাইল। এরপর চিৎকার করে লোক জড়ো করে দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখেন ধারালো অস্ত্রের আঘাতে স্ত্রীর মৃত্যু হয়েছে। দুই নাতি তখনো জীবিত। এলাকাবাসীর সহায়তায় নাতিদের হাসপাতালে নেওয়ার পথে আহাদ মারা যায়। এই হত্যাকাণ্ডের পেছনে কোনো কারণ বলতে পারেননি ইসমাইল। ঘটনাস্থল থেকে দু'টি রক্তমাখা বটি উদ্ধার করে পুলিশ। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/পিডি/১৯০৬ঘ.