বগুড়া, অক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করাসহ সাত দফা দাবিতে দিনাজপুরের ফুলবাড়ী অভিমুখে তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির লং মার্চ বগুড়া পৌঁছেছে।
মঙ্গলবার বিকাল ৫টায় লং মার্চ বগুড়া পৌঁছায়। এরপর জেলা শহরের সাতমাথায় সমাবেশ করে তারা। সিরাজগঞ্জ থেকে সকাল ১০টায় বগুড়ার উদ্দেশে রওনা হয়।
রোববার দুপুরে রাজধানীর মুক্তাঙ্গন থেকে লং মার্চ শুরু হয়। ওইদিন সন্ধ্যায় পৌঁছে গাজীপুর। পরদিন সেখান থেকে দুপুরে টাঙ্গাইল হয়ে সন্ধ্যায় সিরাজগঞ্জ পৌঁছে।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) জেলা সভাপতি আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে সাতমাথার সমাবেশে বক্তব্য রাখেন- কমিটির আহ্বায়ক শেখ মুহাম্মদ শহীদুল্লাহ, সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদ, ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য বিমল বিশ্বাস, বাসদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মঞ্জুরুল আহসান খান প্রমুখ।
বক্তারা তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর বিদেশি কোম্পানির হাত থেকে মুক্ত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
বুধবার সকাল ১০টায় লং মার্চ বগুড়া ত্যাগ করবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮৫০ ঘ.
bdnews24