২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাড্ডায় খুন: গাজীপুর ও নারায়ণগঞ্জে গ্রেপ্তার ৪

রাজধানীর বাড্ডায় একটি খুনের ঘটনায় গাজীপুর ও নারায়ণগঞ্জ থেকে চারজনকে আটক করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2010, 11:31 AM

Updated : 25 Aug 2022, 07:28 PM

গাজীপুর, অক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজধানীর বাড্ডায় একটি খুনের ঘটনায় গাজীপুর ও নারায়ণগঞ্জ থেকে চারজনকে আটক করেছে র‌্যাব। সোমবার রাতে র‌্যাবের এই অভিযানে আটককৃতদের কাছ থেকে ৮০টি ইয়াবা ট্যাবলেটও উদ্ধার করা হয়। মঙ্গলবার র‌্যাব-১ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। গত ১২জুন বাড্ডার একটি আবাসিক ফ্ল্যাটে কবির হোসেন স্বপন (২২) নামে এক যুবক খুন হয়। র‌্যাব-১ এর সিনিয়র সহকারী পরিচালক (ষ্টাফ অফিসার) ক্যাপ্টেন এস এম শফিকুর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বপন হত্যার ঘটনায় গত ১ সেপ্টেম্বর দেলোয়ার হোসেন ওরফে মাস্টার দেলুকে বাড্ডার হল্যান্ড সেন্টার থেকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্য অনুযায়ী সোমবার রাত ১১টার দিকে নারায়ণগঞ্জ ও গাজীপুরের টঙ্গীতে অভিযান চালানো হয়। নারায়ণগঞ্জ থেকে দেলোয়ার হোসেন ওরফে ছোট দেলু (২৫) ও মো. আরিফ ওরফে শরিফ (২৬) এবং টঙ্গী থেকে মো. মাসুম (২৬) ও মো. বোরহান উদ্দিন ওরফে পারভেজকে (৩৭) আটক করা হয়। র‌্যাব সদস্যরা মাসুমের কাছ থেকে ৫০টি এবং পারভেজের কাছ থেকে ৩০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। র‌্যাব জানায়, আটককৃতরা মাস্টার দেলুর নেতৃত্বে একাধিক হত্যা, ডাকাতি, চুরিসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ, ফতুল্লা, বন্দর ও বাড্ডা থানায় হত্যা, ডাকাতি ও চুরির মামলা রয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭২১ ঘ.