২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢিল ছোড়াই কাল হলো উজ্জ্বলের

ভিমরুলের কামড়ে এক শিশুর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ১৩ বছর বয়সি উজ্জ্বল হোসেনকে আসামি করে মামলা নিয়েছে মতলব থানা পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2010, 09:01 AM

Updated : 25 Aug 2022, 07:28 PM

আল-ইমরান শোভন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি চাঁদপুর, অক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভিমরুলের কামড়ে এক শিশুর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ১৩ বছর বয়সি উজ্জ্বল হোসেনকে আসামি করে মামলা নিয়েছে মতলব থানা পুলিশ। মামলার পর উজ্জ্বল মানসিকভাবে ভেঙে পড়েছে বলে জানিয়েছে তার পরিবার। মামলাটির অন্য উদ্দেশ্য রয়েছে বলেও অভিযোগ তাদের। উজ্জ্বল মতলব উত্তর উপজেলার সাদুল্যাপুর ইউনিয়নের মুক্তিরকান্দি শিকদার বাড়ির বাবুল হোসেনের ছেলে। সে স্থানীয় পাঠানবাজার উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র। এলাকাবাসী ও পুলিশ জানায়, গত ১৪ অক্টোবর মতলব উপজেলার মুক্তারকান্দি গ্রামের একটি পুকুর পাড়ে একটি গাছে ভিমরুলের চাকে ঢিল ছোড়ে উজ্জ্বল। তখন ভিমরুল ছুটে এসে চারজনকে কামড়ায়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ভৌমিক নাথ বাড়ির শিশির দেবনাথ (৮) এবং নাথ বাড়ির মাধুর্য্য রানী দেবী (৭০)। এরপর ১৭ অক্টোবর উজ্জ্বলের বিরুদ্ধে মামলা করেন শিশিরের বাবা মিন্টু দেবনাথ। পুলিশ এর তদন্ত করছে। মামলার তদন্ত কর্মকর্তা মতলব (উত্তর) থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আবু তাহের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শিশু উজ্জ্বলের বিরুদ্ধে যেহেতু থানায় মামলা হয়েছে তাই তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।" কিশোর আদালতে এর বিচার হবে বলে জানান তিনি। তবে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পুলিশ এখনো মামলার আসামি উজ্জ্বলকে গ্রেপ্তার করতে পারেনি।" তবে বয়স বিবেচনায় উজ্জ্বলকে গ্রেপ্তার করা হয়নি বলে জানিয়েছেন থানার ওসি মো. রুস্তম আলী শিকদার। তিনি বলেন, ময়না তদন্তে প্রমাণিত হয়েছে যে দুজনই ভিমরুলের কামড়ে মারা গেছেন। মামলার বাদি মিন্টু জানান, ওই ঘটনা বিচার চেয়ে ১৭ অক্টোবর স্থানীয় জনপ্রতিনিধিসহ প্রভাবশালীদের কাছে নালিশ করেছিলেন তিনি। কিন্তু কেউ সমাধান দিতে না পারায় তিনি মামলা করেন। উজ্জ্বলের বাবা বাবুল হোসেন ও মা বুলবুলি বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আমরা বড় বিপদে আছি। উজ্জ্বল শিশু মানুষ। সে গাছে দুষ্টুমি করে ঢিল ছুড়েছে। অন্য কোনো উদ্দেশ্যে নয়। সাদুল্যাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবুর রহমানও বলেন, "উজ্জ্বল শিশু মানুষ। সে বুঝে এমনটি করেনি। এর আবার বিচার কী?" সাদুল্যাপুর ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য মো. আক্কাছ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিষয়টি তারা স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করলেও তা ফলপ্রসূ হয়নি। মৃত শিশিরের বাবা মামলা করলেও মাধুর্য্য রানীর পরিবার থেকে কোনো মামলা হয়নি। তার ছেলে রনজিত দেবনাথ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ভিমরুলের কামড়ে আমাদের মা মারা গেছেন। এর জন্য আমরা কাউকে দায়ী করি না।" উজ্জ্বলের বাবা বাবুল মামলা পেছনে অন্য উদ্দেশ্য রয়েছে বলে অভিযোগ করেন। তার দাবি, সাতানি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মতিনের প্ররোচনায় মিন্টু মামলাটি করেছেন। বাবুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মতিনের সঙ্গে বসতঘরের জমি নিয়ে আমাদের বিরোধ রয়েছে। তিনি আমাদের বসতঘর থেকে উচ্ছেদ করতে চাচ্ছেন। এ জন্য শিশিরের বাবাকে দিয়ে মামলা করেছেন।" তবে মতিন এ অভিযোগ প্রত্যাখ্যান করে বলেন, "২০০০ সালে বাবুল আমার কাছ থেকে সুদে ৩০ হাজার টাকা ধার নেয়। দুই বছরের মধ্যে সেই টাকা না দেওয়ায় সুদে-আসলে ৪৫ হাজার টাকা দাঁড়িয়েছে। ওই টাকা না দেওয়ায় শর্তানুযায়ী আমি স্বাক্ষর নেওয়া স্ট্যাম্পে বাবুলের ১৭ শতক বসতঘর জমি রেজিস্ট্রি করে নেই। কিন্তু আজও তারা ঘর ছাড়ছে না।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমআই/১৬৫৫ ঘ.