ঢাকা, অক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কিশোরগঞ্জের কটিয়াদী এবং সিরাজগঞ্জের বেলকুচিতে সড়ক দুর্ঘটনায় তিনজন মারা গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কিশোরগঞ্জ প্রতিনিধি জানান, কটিয়াদীর উপজেলার কালিয়াচাপড়া-নিকলী সড়কে মঙ্গলবার সকালে একটি পিকআপের ধাক্কায় এক সাইকেলের দুই আরোহী মারা গেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, কালিয়াচাপড়া থেকে নিকলীগামী যাত্রীবাহী পিকআপটি সকাল ১০টার দিকে নোয়াবাড়িয়া এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি সাইকেলকে চাপা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা খায়।
এতে সাইকেল আরোহী সফির উদ্দিন বাচ্চু (৪০) ও আতাউর রহমান (৫৫) ঘটনাস্থলেই মারা যায়। এ ঘটনায় বিক্ষুদ্ধ জনতা সড়ক অবরোধ করে। এতে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
কটিয়াদি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লোকজনকে শান্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
কটিয়াদী থানার ওসি ফরিদ আহমেদ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, পিকআপের চালক পালিয়ে গেছে।
সিরাজগঞ্জ প্রতিনিধি জানান, বেলকুচি উপজেলার ভাঙ্গাবাড়ী ইউনিয়নের দেলুয়াকান্দিতে সোমবার রাত ৯টার দিকে রাস্তা পার হওয়ার সময় কছিম উদ্দীন (৮০) নামের এক ব্যক্তি চাউল বোঝাই ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হয়। হাসপাতালে নেওয়ার পথে সে মারা যান।
বেলকুচি থানার পরিদর্শক মোস্তাফিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কছিম উদ্দিন আত্মীয়ের বাড়ীতে বেড়াতে এসেছিল। কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী থানার মংলাকুটির গ্রামে তার বাড়ি।
দুর্ঘটনার পর ট্রাকটি পুলিশ আটক করেছে। এ ঘটনায় মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১৩৫৫ ঘ.
bdnews24