ঢাকা, অক্টোবর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-ব্রিটিশ কাউন্সিলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্টিন ডেভিডসন সিএমজি তিন দিনের সফরে মঙ্গলবার ঢাকা আসছেন।
সোমবার ব্রিটিশ কাউন্সিলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সফরকালে ডেভিডসন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন।
এছাড়া ব্রিটিশ কাউন্সিলের বিভিন্ন কার্যক্রম পরিদর্শনের পাশাপাশি সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময়ও করবেন তিনি।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকালে ডেভিডসন ব্রিটিশ কাউন্সিলের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে বলবেন এবং বাংলাদেশ সরকারের 'এক্সেস টু ইনফরমেশন' প্রকল্পে ব্রিটিশ কাউন্সিলের ইংরেজি ভাষায় দক্ষতা ও অভিজ্ঞতার হাত বাড়িয়ে দেওয়ার প্রতিশ্র"তি দেবেন।
ডেভিডসন ঢাকার বাইরে আইলা দুর্গত এলাকায় ব্রিটিশ কাউন্সিলের জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রকল্প পরিদর্শন করবেন। ওই সময় তাদের পরিচালিত বিভিন্ন কর্মসূচিতে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি।
সফরের শেষদিন তিনি ঢাকায় দু'টি স্কুল পরিদর্শন করবেন। ওই দুই স্কুলে ব্রিটিশ কাউন্সিলের সহায়তায় শারীরিক শিক্ষা কার্যক্রম চলছে।
২০০৭ সালের এপ্রিলে মার্টিন ডেভিডসন ব্রিটিশ কাউন্সিলের প্রধান নির্বাহীর দায়িত্ব নেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ডিডি/২৩৩৩ ঘ.
bdnews24