ঢাকা, অক্টোবর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--দেশের কারাগারগুলোতে বন্দি শিশু-কিশোরদের অবিলম্বে মুক্তি দিয়ে শিশু-কিশোর উন্নয়ন কেন্দ্র বা নিরাপদ আশ্রয়ে (সেইফ হোম) পাঠাতে সরকারকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
সেইফ হোমে পাঠাতে ব্যর্থ হলে শিশুদের দ্রুত সংশ্লিষ্ট মামলায় জামিন বিবেচনার জন্য সংশ্লিষ্ট বিচারকদের নির্দেশ দেওয়া হয়।
সেইসঙ্গে আদালত মেয়ে শিশু ও কিশোরীদের জামিনের আবেদন ইতিবাচকভাবে বিবেচনা করতে বলেছে।
সোমবার বিচারপতি মো. ইমান আলী ও বিচারপতি ওবায়দুল হাসানের বেঞ্চ এ রায় দেয়।
আদালত রায়ে বলেছে, শিশুদের জেলে রাখা সম্পূর্ণ বেআইনী। শিশু-কিশোরদের জন্য কারাগার নিরাপদ আশ্রয়স্থল হতে পারে না।
এব্যাপারে যথাযথ পদক্ষেপ নেওয়ার জন্য সমাজকল্যাণ মন্ত্রণালয় ও সুপ্রিম কোর্টের রেজিষ্ট্রার বরাবর অনুলিপি পাঠানোরও নির্দেশ দেওয়া হয়।
রায়ের পর সরকারের ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে বলেন, "শিশু-কিশোরদের কারাগার থেকে সেইফ হোমে পাঠানোর জন্য নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এতে ব্যর্থ হলে তাদের জামিন বিবেচনার জন্য সংশ্লিষ্ট বিচারকদের বলা হয়েছে।"
১৪৫ শিশু-কিশোর দেশের বিভিন্ন কারাগারে আটক রয়েছে- পত্রিকায় এ খবর প্রকাশিত হওয়ার পরিপ্রেক্ষিতে হাইকোর্ট গত ২৯ সেপ্টেম্বর সরকারের প্রতি স্বতঃপ্রণোদিত আদেশ জারি করে।
আদালতে সরকার পক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু ও বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির সহ সভাপতি ফাহিমা নাসরিন মুন্নি শুনানিতে অংশ নেন।
মোতাহার হোসেন আরো জানান, বর্তমানে দেশের বিভিন্ন কারাগারে ১০৯ জন শিশু ও কিশোর আটক রয়েছে। আটক শিশু-কিশোরদের সংখ্যা অগাস্টে ছিল ১৪৫ জন। সেপ্টেম্বরে এই সংখ্যা ছিল ১২১ জন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এইচএ/২৩০০ঘ.
bdnews24