২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুপ্রিম কোর্টের রায় মানতে হবে: আইনমন্ত্রী

আইনের শাসনের প্রতি শ্রদ্ধা রেখে সবাইকে উচ্চ আদালতের রায় মেনে চলার আহ্বান জানিয়েছেন আইনমন্ত্রী শফিক আহমেদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2010, 02:39 PM

Updated : 25 Aug 2022, 07:28 PM

ঢাকা, অক্টোবর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আইনের শাসনের প্রতি শ্রদ্ধা রেখে সবাইকে উচ্চ আদালতের রায় মেনে চলার আহ্বান জানিয়েছেন আইনমন্ত্রী শফিক আহমেদ। বিরোধী দলীয় নেতার সেনানিবাসের বাড়ি ও সংবিধানের ৫ম সংশোধনী সম্পর্কে আদালতের রায় নিয়ে বিতর্কের পরিপ্রেক্ষিতে তিনি এ আহ্বান জানান। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সেনানিবাসের বাড়ি সম্পর্কে আদালতের রায়ের পর ওই দলের নেতারা অভিযোগ করছেন, সরকার আদালতকে প্রভাবিত করে এ রায় তাদের পক্ষে নিয়েছে। সোমবার সন্ধ্যায় জাতীয় ক্রীড়া পরিষদ মিলনায়তনে আওয়ামী ব্রিটিশ ল' স্টুডেন্টস ইউনিয়ন আয়োজিত এক আলোচনা সভায় শফিক আহমেদ বলেন, "সুপ্রিম কোর্টের রায় সবাইকে মানতে হবে। এটা না মানার অর্থ হলো আইনের শাসনের প্রতি অবজ্ঞা।" তিনি আরো বলেন, হাইকোর্টের রায়ের পর সাবেক সামরিক শাসক জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক বলার কোনো সুযোগ নেই। স্বাধীনতার ঘোষণা সম্পর্কে বর্তমান প্রধান বিচারপতির দেওয়া রায়ের ফলে জাতি বিভ্রান্তি থেকে মুক্ত হয়েছে। সংবিধানের ৫ম সংশোধনী নিয়ে রায় সম্পর্কে আইনমন্ত্রী বলেন, "কেউ কেউ বলছেন আদালত সংবিধানকে পরিবর্তন করতে পারে না। তাদের উদ্দেশে আমি বলতে চাই- আদালত সংবিধান পরিবর্তন করেনি। অবৈধ পন্থায় সংবিধানে যেসব অসাংবিধানিক বিধানাবলী যুক্ত করা হয়েছিল আদালত তা বাতিল করে দিয়েছে।" সংবিধানকে 'সৃষ্টিকর্তা' এবং সংসদকে 'সৃষ্টি' আখ্যায়িত করে তিনি বলেন, "সংসদের সব সদস্য চাইলেও সংবিধানের মুলনীতি বদলাতে পারবে না। যে চার মুলনীতিকে সামনে রেখে এ দেশের জনগণ স্বাধীনতা সংগ্রামে উদ্বুদ্ধ হয়েছিল, যা ছিল সংবিধান ও রাষ্ট্র পরিচালনতারও মুলনীতি; তা পরিবর্তন করা হয়েছে। কিন্তু সৃষ্টি কখানো স্রষ্টাকে ধ্বংস করতে পারে না।" ৫ম সংশোধনীকে 'সংবিধান ধ্বংসের ষড়যন্ত্র' অভিহিত করে মন্ত্রী আরো বলেন, ১৯৭৯ সালে একটি রাজনৈতিক দলের জন্ম হলো। বিভিন্ন পেশা থেকে কিছু স্বার্থান্বেষী ব্যক্তিকে ওই দলে স্থান দেওয়া হয়। ওই দলের মাধ্যমে সংসদে ১৯৭৫ সালের ১৫ অগাস্ট থেকে ১৯৭৯ সালের ১৯ অগাস্ট পর্যন্ত সব সামরিক ফরমান ও আদেশকে বৈধতা দেওয়া হয়। এমনকি বলা হয় এই বিধানকে দেশের কোনো আদালতে চ্যালেঞ্জ করা যাবে না। আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন সাংসদ শেখ ফজলে নূর তাপস, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক শ.ম. রেজাউল করিম প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এইচএ/২০৩৩ ঘ.