নরসিংদী, অক্টোবর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নরসিংদী সদর উপজেলায় বাসের ধাক্কায় মারা গেছে নসিমনের (স্থানীয়ভাবে তৈরি যান্ত্রিক যান) চালকসহ দুজন।
আহত হয়েছে আরো চারজন।
সোমবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের বাটপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নরসিংদী সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মোহসিন সাংবাদিকদের জানান, ঢাকা থেকে ভৈরবগামী বাদশা পরিবহনের একটি যাত্রীবাহী বাস বাটপাড়ায় আসার পর বিপরীতমুখী নসিমনকে ধাক্কা দেয়।
এই দুর্ঘটনার শিকার হয়ে পথচারী আকলিমা বেগম (৩৫) ঘটনাস্থলেই মারা যান।
নরসিংদী সদর হাসপাতালে নেওয়ার পথে মারা যান নসিমনচালক সোহেল মিয়া (২৮)।
আহত চারজনকে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে ।
এসআই জানান, এ ব্যাপারে নরসিংদী সদর মডেল থানায় মামলা হয়েছে। পুলিশ বাসটি আটক করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮২২ ঘ.
bdnews24