ফেনী, অক্টোবর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফেনীর সোনাগাজী উপজেলায় ডাকাতের হামলায় ১২ জন আহত হয়েছে।
চরচান্দিয়া ইউনিয়নের ধান গবেষণা এলাকায় রোববার রাতে এ ঘটনা ঘটে। এসময় তারা একটি দোকান ভাংচুর করে এবং মাল লুট করে নিয়ে যায়।
আহতদের মধ্যে আছেন- দোকানের মালিক কাশেম, ক্রেতা বেলায়েত হোসেন (২৫), নুরুল আমিন (৩২), হারুন মিয়া (২১), আবু তাহের (৪৮), আবুল হাসেম (৪১), মো. জয়নাল আবেদিন (৩২), তাজুল ইসলাম (২৬) ও হেলাল (১৮)।
এদের মধ্যে কাশেমকে ফেনী সদর হাসপাতাল এবং অন্যদের সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
সোনাগাজী থানার ওসি নিজাম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত ১০টার দিকে জলদস্যুরা লাঠি ও কিরিচ নিয়ে ধান গবেষণা এলাকার নতুন রাস্তার মাথায় কাশেম সওদাগরের দোকানে হামলা ও ভাংচুর চালায়।
এ ঘটনায় আহত আবু তাহের সোনাগাজী থানায় মামলা করেছেন। এতে জলদস্যু বাহিনীর প্রধান নুরুল আবসারসহ ১৫/২০ জলদস্যুকে আসামি করা হয়েছে।
ওসি জানান, অভিযোগটি তদন্ত করে দেখা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/১৮০৬ ঘ.
bdnews24