২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় কমিটির লং মার্চ টাঙ্গাইলে

জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করাসহ সাত দফা দাবিতে দিনাজপুরের ফুলবাড়ী অভিমুখে তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির লং মার্চ টাঙ্গাইলে পৌঁছেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2010, 12:06 PM

Updated : 25 Aug 2022, 07:28 PM

টাঙ্গাইল, অক্টোবর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করাসহ সাত দফা দাবিতে দিনাজপুরের ফুলবাড়ী অভিমুখে তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির লং মার্চ টাঙ্গাইলে পৌঁছেছে। সোমবার দুপুরে লং মার্চ টাঙ্গাইল পৌঁছায়। এরপর দুপুর আড়াইটার দিকে টাঙ্গাইল শহীদ মিনার প্রাঙ্গণে সমাবেশ করে কমিটি। আগের দিন দুপুরে রাজধানীর মুক্তাঙ্গন থেকে লং মার্চ শুরু হয়। ওইদিন সন্ধ্যায় গাজীপুরে পৌঁছে সেখানে সমাবেশ করে লং মার্চকারীরা। জাতীয় কমিটির টাঙ্গাইল জেলা শাখার আহবায়ক নাজির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে কমিটির আহবায়ক শেখ মুহাম্মদ শহীদুল্লাহ বলেন, এদেশের মূল্যবান খনিজ সম্পদের ওপর বিদেশি কোম্পানির লোলুপ দৃষ্টি পড়েছে। তাদের স্বার্থ রক্ষার জন্য এখন আমলা ও রাজনৈতিক নেতারা কাজ করছেন। কমিটির সদস্য সচিব আনু মুহাম্মদ বলেন, সাম্রাজ্যবাদের দালাল ও লুটেরাদের বিরুদ্ধে মানুষকে ঐক্যবদ্ধ করার জন্যই এই লং মার্চ। সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মনজুরুল আহসান খান, ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য বিমল বিশ্বাস, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক খালেকুজ্জামান প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮০২ ঘ.