২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হকার উচ্ছেদ অভিযান পেছালো

হকার নেতাদের দাবির মুখে ঈদুল আজহার আগে ঢাকা মহানগরীতে হকার উচ্ছেদ অভিযান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে যোগাযোগ মন্ত্রণালয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2010, 12:02 PM

Updated : 25 Aug 2022, 07:28 PM

ঢাকা, অক্টোবর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হকার নেতাদের দাবির মুখে ঈদুল আজহার আগে ঢাকা মহানগরীতে হকার উচ্ছেদ অভিযান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে যোগাযোগ মন্ত্রণালয়। যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন সোমবার বিকালে সাংবাদিকদের বলেছেন, সর্বশেষ সিদ্ধান্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে জানানো হয়েছে। রাজধানীর যানজট নিরসনে ১ নভেম্বর থেকে ফুটপাত থেকে হকার উচ্ছেদ অভিযানের সিদ্ধান্ত নিয়েছিলো যোগাযোগ মন্ত্রণালয়। ঢাকার যানজট নিরসনে করণীয় নির্ধারণে যোগাযোগমন্ত্রী সোমবার বিভিন্ন মন্ত্রণালয়, সংস্থা ও হকার প্রতিনিধিদের সঙ্গে তার কার্যালয়ে বৈঠক করেন। বৈঠক শেষে আবুল হোসেন সাংবাদিকদের বলেন, "হকারদের পক্ষ থেকে ঈদের আগে হকার উচ্ছেদ না করার জন্য অনুরোধ করা হয়। তাদের অনুরোধে ঈদের আগে উচ্ছেদ অভিযান না চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।" আগামী মাসের মাঝামাঝিতে ঈদুল আজহা অনুষ্ঠিত হবে। হকার উচ্ছেদ পিছিয়ে গেলেও সড়ক নিরাপত্তা উপদেষ্টা পরিষদের বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী গাড়িচালকদের সিটবেল্ট বাঁধা এবং মটর সাইকেল চালকদের হেলমেট ব্যবহার বাধ্যতামূলক এবং উভয় যানবাহনের চালকদের জন্য মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করার সিদ্ধান্ত আগামী ১ নভেম্বর থেকে কার্যকর করা হবে বলে জানান মন্ত্রী। যোগাযোগ মন্ত্রণালয়ের সভাকক্ষে সোমবার অনুষ্ঠিত এ বৈঠকে নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সড়ক ও রেলপথ বিভাগের সচিব মোজাম্মেল হক, বিআরটিএ'র চেয়ারম্যান আইয়ুবুর রহমান খান, হকার্স লীগের সভাপতি এমএ কাশেমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/১৭৫৫ ঘ.