২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বন্যপ্রাণীর আক্রমণে মারা গেলে লাখ টাকা

বন্যপ্রাণীর আক্রমণে মৃত্যুর জন্য ১ লাখ টাকা এবং পঙ্গু হলে ৫০ হাজার টাকা ক্ষতিপূরণের বিধান রেখে 'বন্যপ্রাণী দ্বারা আক্রান্ত মানুষের জানমাল ক্ষতিপূরণ নীতিমালা ২০১০' অনুমোদন করেছে মন্ত্রিসভা। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2010, 09:40 AM

Updated : 25 Aug 2022, 07:28 PM

ঢাকা, অক্টোবর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বন্যপ্রাণীর আক্রমণে মৃত্যুর জন্য ১ লাখ টাকা এবং পঙ্গু হলে ৫০ হাজার টাকা ক্ষতিপূরণের বিধান রেখে 'বন্যপ্রাণী দ্বারা আক্রান্ত মানুষের জানমাল ক্ষতিপূরণ নীতিমালা ২০১০' অনুমোদন করেছে মন্ত্রিসভা। সোমবার মন্ত্রিসভার বৈঠকে তা অনুমোদন দেওয়া হয় বলে প্রধানমন্ত্রীর প্রেসসচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের জানিয়েছেন। সভায় শকুন ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর ব্যথানাশক ওষুধ ডাইক্লোফেনাক সোডিয়াম উৎপাদন বন্ধ করার সিদ্ধান্ত হয়েছে বলেও জানান তিনি। প্রধানমন্ত্রীর শেখ হাসিনার সভাপতিত্বে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। মন্ত্রিসভার সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টারা বৈঠকে উপস্থিত ছিলেন। আবুল কালাম আজাদ বলেন, "বন্যপ্রাণীর আক্রান্ত মানুষের জানমালের ক্ষতিপূরণের বর্তমানে কোনো বিধান নেই। তাই সরকার ক্ষতিপূরণের বিধান রেখে বন্যপ্রাণী দ্বারা আক্রান্ত মানুষের জানমাল ক্ষতিপূরণ নীতিমালা অনুমোদন করেছে।" নতুন নীতিমালায় বন্যপ্রাণীর আক্রমণে নিহত ব্যক্তির পরিবারকে এক লাখ টাকা, পঙ্গু অথবা শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে ৫০ হাজার টাকা এবং সম্পত্তির ক্ষতির জন্য সর্বোচ্চ ২৫ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়ার বিধান রাখা হয়েছে। ডাইক্লোফেনাক সোডিয়াম উৎপাদন বন্ধের সিদ্ধান্ত প্রসঙ্গে আজাদ বলেন, আগে দেশে শকুন ছিলো প্রায় ৫০ হাজার। যা দুই হাজারে নেমে এসেছে। এ ওষুধটি প্রাণীর শরীরে দেওয়ার কারণে তাদের কিডনি নষ্ট হয় এবং এরা মারা যায়। এই ওষুধের কারণে এখন আর পশু-পাখির মৃত্যুর পর শকুনে তা খেয়ে ফেলতে পারছে না। মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে এ জাতীয় ওষুধ আর দেশে উৎপাদন হবে না। তবে উৎপাদিত ওষুধ বিক্রির জন্য আগামী ছয় মাস পর্যন্ত সময় পাবেন বিক্রেতারা। এরপর এ জাতীয় ওষুধ বিক্রিও নিষিদ্ধ হয়ে যাবে। এছাড়াও মন্ত্রিসভার বৈঠকে শাস্তি বাতিল করে 'চলচ্চিত্র সংসদ নিবন্ধন আইন, ২০১০ এবং এককালীন আমানত এক কোটি টাকা থেকে পাঁচ কোটি টাকায় উন্নীত করে 'খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্ট (সংশোধন) আইন, ২০১০ এর খসড়া অনুমোদন করা হয়েছে। মন্ত্রিসভায় প্রধানমন্ত্রীর জাতিসংঘের সভায় যোগদান এবং পর্তুগালে একটি সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রীর যোগদানের বিষয়েও অবহিত করা হয় বলে জানান আজাদ। প্রধানমন্ত্রীর প্রেস সচিব আরো জানান, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী তিনটি উপ-শহর প্রকল্পের প্রস্তাব প্রধানমন্ত্রীর সামনে উপস্থাপন করা হয়। এ তিনটি উপ-শহর প্রকল্পের জন্য মানিকগঞ্জের সিঙ্গাইরে ধলেশ্বর নদী, মুন্সীগঞ্জের সিরাজদিখানে ইছামতি নদী এবং ধামরাইয়ের বংশী নদীর পার্শ্ববর্তী স্থানে স্থান নির্ধারণ করা হয়েছে। ওদিকে বৈঠকে উপস্থিত একজন মন্ত্রী জানান, মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী সর্বশেষ হজ পরিস্থিতি সম্পর্কে জানতে চেয়েছেন। বিমান মন্ত্রী জিএম কাদের এবং ধর্ম প্রতিমন্ত্রী শাহজাহান মিয়া হজ সংক্রান্ত কোনো সমস্যা নেই বলে জানিয়েছেন। তারা প্রধানমন্ত্রীকে জানান, ইতোমধ্যে প্রায় ৪৫ হাজার হজযাত্রী সৌদি আরব গেছেন। আরো প্রায় ২৬ থেকে ২৭ হাজার যাত্রী যাওয়া বাকি রয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে তারাও সেখানে পৌঁছে যাবেন। এছাড়াও প্রধানমন্ত্রী ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে শুক্রবারের যানজটের কারণ এবং বরিশালের লেবুখালীতে নদীর ওপর সেতুর জন্য বৈদেশিক সাহায্যের ব্যাপারে যোগাযোগমন্ত্রীর কাছে জানতে চান। বিদেশি সাহায্য পাওয়া না গেলে নিজস্ব অর্থায়নে এ সেতুটি নির্মাণের পদক্ষেপ নিতেও তিনি মন্ত্রীকে নির্দেশ দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/আরএ/এমআই/১৭০০ ঘ.