২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপির বিক্ষোভ-সমাবেশ পালিত

সভা-সমাবেশ-বিক্ষোভের মধ্য দিয়ে রোববার দেশের বিভিন্ন স্থানে বিএনপি'র কেন্দ্র ঘোষিত কর্মসূচি পালন করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2010, 05:30 PM

Updated : 25 Aug 2022, 07:27 PM

ঢাকা, অক্টোবর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সভা-সমাবেশ-বিক্ষোভের মধ্য দিয়ে রোববার দেশের বিভিন্ন স্থানে বিএনপি'র কেন্দ্র ঘোষিত কর্মসূচি পালন করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের চট্টগ্রাম অফিস ও জেলা প্রতিনিধিদের পাঠানো সংবাদ- চট্টগ্রাম: নগরীর নাসিমন ভবনে দলীয় কার্যালয় চত্বরে চট্টগ্রাম উত্তর জেলা এক প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। সমাবেশে বক্তারা বলেন, প্রতিহিংসার রাজনীতির কারণে দেশের বিভিন্ন স্থানে বিএনপি অনুসারী ও নেতা-কর্মীদের ওপর সরকার তার পুলিশ দিয়ে নির্যাতন চালাচ্ছে। র‌্যাব-পুলিশ দিয়ে নিরীহ বিএনপি নেতা-কর্মীদের হত্যা করছে। সরকার যুদ্ধাপরাধীর বিচারের নামে যে 'প্রহসন' শুরু করেছে তাতে মুসলিম বিশ্বের সঙ্গে দূরত্ব তৈরি হচ্ছে বলেও বক্তারা দাবি করেন। সমাবেশে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি সভাপতি গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, সহ-সভাপতি মোস্তফা কামাল পাশা, মোহাম্মদ সালাউদ্দিন, নুরুল আমিন প্রমুখ। খুলনা: বিকালে নগরীর জাতিসংঘ পার্কে সদর থানা বিএনপি একটি জনসভার আয়োজিত করে। সমাবেশে বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, এই সরকার এখন হাট, বন্দর, লঞ্চঘাট, বাসস্ট্যান্ড নিয়ন্ত্রণের মতো আদালতও নিয়ন্ত্রণ করছে। তিনি বলেন, ক্যান্টনমেন্টের বাড়ি থেকে খালেদা জিয়াকে উচ্ছেদের ষড়যন্ত্র জনগণ সফল হতে দেবে না। সদর থানা সভাপতি আব্দুল জলিল খান কালামের সভাপতিত্বে জনসভায় আরো বক্তব্য দেন কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক সাংসদ নজরুল ইসলাম মঞ্জু, জাসাসের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বাবুল আহমেদ, মহানগর সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কাজী সেকেন্দার আলী ডালিম প্রমুখ। বরিশাল: বরিশাল উত্তর ও দক্ষিণ জেলা কমিটি পৃথকভাবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। সকালে কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম খান রাজনের সভাপতিত্বে সদর রোডে দলীয় কার্যালয়ের সামনে সভা করে দলেল একটি অংশ। এতে বক্তব্য রাখেন জেলা বিএনপি নেতা রাজা হারুনুর রশিদ, রুস্তম আলী মল্লিক, আনোয়ার হোসেন, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সংগঠনিক সম্পাদক জি এম আতায়ের রাব্বি প্রমুখ। পরে তাদের একটি বিক্ষোভ মিছিল নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বিকাল ৪টায় দলীয় কার্যালয়ের সামনে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাংসদ মজিবর রহমান সরোয়ারের সমর্থকরা বিক্ষোভ সমাবেশ ও মিছিল করে। জেলা যুগ্ন আহ্বায়ক মনিরুজ্জামান ফারুকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সাবেক সংসদ আবুল হোসেন খান, জেলা যুগ্ন আহ্বায়ক কামরুল আহসান শাহীন, আয়শা তৌহিদা লুনা, যুবদলের জেলা সম্পাদক শাহেদ আকন সম্রাট প্রমুখ। পরে একটি বিক্ষোভ মিছিল নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যলয়ে এসে শেষ হয়। সিলেট: বিকাল ৫টায় নগরীর কোর্ট পয়েন্ট এলাকায় সভা করেছে মহানগর বিএনপি। কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ইলয়াস আলীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জেলা সাধারণ সম্পাদক আব্দুল গফফার, সিনিয়র সহ-সভপতি দিলদার হোসেন সেলিম, জেলা সাংগঠনিক সম্পাদক আলী আহমদ, মহানগর যুগ্ম আহ্বায়ক আব্দুল কাউয়ূম জালালী। বক্তারা বলেন, সরকার বিএনপি ও জিয়া পরিবারকে ধ্বংস করতে বেপরোয়া হয়ে উঠেছে। সারাদেশে বিএনপি নেতাকর্মীদের হত্যা, নির্যাতন রুখে দাঁড়াতে তারা সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। এছাড়া রাজবাড়ী, নওগাঁ, পটুয়াখালী, টাঙ্গাইল, কুড়িগ্রাম, নরসিংদী, গাজীপুর, নোয়াখালী, সাতক্ষীরা ও ভোলায় কর্মসূচি পালিত হওয়ার খবর পাওয়া গেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএম/ডিডি/২২৪৯ ঘ.