নারায়ণগঞ্জ, অক্টোবর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নারায়ণগঞ্জের ফতুল্লার একটি বাড়িতে বিস্ফোরণে দগ্ধ তিনজন মারা গেছে।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে তাদের মৃত্যু হয় বলে জানিয়েছেন ফতুল্লা মডেল থানার ওসি জীবন কান্তি সরকার।
গত ১৮ অক্টোবর ভোররাত ৩টার দিকে ফতুল্লার মাসদাইর গাবতলী নতুন বাজার এলাকার আব্দুল খালেকের বাড়ির এক ভাড়াটিয়ার ঘরে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
বিস্ফোরণে দুটি ঘরের টিনের চাল উড়ে যায় এবং দেয়াল ধসে পড়ে।
এতে তিন সহোদর ভাইসহ দগ্ধ হয় ছয়জন।
এরা হলেন- ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর এলাকার শহীদুল্লার তিন ছেলে আবুল হোসেন মোল্লা (৩০), জামাল ওরফে কামাল (৩২) ও ইব্রাহিম রুবেল (২৪) এবং মাদারীপুরের কালকিনি উপজেলার উত্তর মহজমপুর এলাকার আলমগীর হোসেনের ছেলে জুয়েল হোসেন (২৮), বরিশালের গৌরনদী উপজেলার টেঙ্গারদি এলাকার আলম হাওলাদারের ছেলে সালাউদ্দিন হাওলাদার (২৮) ও একই জেলার উড়ালকান্দি এলাকার নেওয়াজ শিকদারের ছেলে বাচ্চু মিয়া (২৫)।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল প্রতিনিধি জানান, এই ছয়জনের মধ্যে জুয়েল হোসেন, সালাহউদ্দিন হাওলাদার ও আবুল হোসেন মোল্লা মারা গেছে।
এর মধ্যে আবুল হোসেন মারা যান ভোর সোয়া পাঁচটায়। এরপর সকাল ৯টায় সালাহউদ্দিন এবং সোয়া ১১টায় জুয়েল মারা যান।
আবুল হোসেন মাসদাইর গাবতলী নতুন বাজার এলাকার বোখারী একাডেমি নামের একটি স্কুলের শিক্ষক ছিলেন। সালাউদ্দিন ও জুয়েল দুজনই ছিলো গার্মেন্টস শ্রমিক।
ফতুল্লা মডেল থানার ওসি জীবন কান্তি সরকার চিকিৎসাধীন তিনজনের মৃত্যুর সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের বলেন, ওইদিনের ঘটনার পরপরই পুলিশ ও র্যাবের বোমা বিশেষজ্ঞ দল ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করে। তাদের প্রতিবেদন এখনো পাওয়া যায়নি।
তবে প্রাথমিক তদন্তে জানা গেছে, বোমা থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৩৫ ঘ.
bdnews24