বগুড়া, অক্টোবর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বগুড়ায় যমুনা নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের অন্তত ৮০ মিটার অংশ ধসে গেছে।
রোববার বিকাল ৩টা পর্যন্ত ধুনট উপজেলার দড়িপাড়া ও সারিয়াকান্দির আটাচর গ্রামের মধ্যবর্তী বাঁধের এই অংশটি ধসে যায়।
এ কারণে দুই উপজেলার পূর্বাংশের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।
বগুড়া পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানায়, বর্ষা মৌসুমে পানি বাড়ার কারণে দড়ি পাড়া-আটাচর এলাকার মধ্যে অবস্থিত যমুনার পুরাতন বন্যা নিয়ন্ত্রণ বাঁধে ভাঙ্গন শুরু হয়।
ওই সময় জুন মাসে ৬২ লাখ টাকা ব্যয়ে ৬৮০ মিটার নতুন বিকল্প বাধ নির্মাণ করা হয়। গত অগাস্টে এই কাজ শেষ হয়।
পানি কমার সঙ্গে সঙ্গে গত তিনদিন ধরে ওই বিকল্প নতুন বাঁধে ভাঙ্গন শুরু হয়।
পানি কম থাকায় বাঁধ ভাঙ্গলেও যমুনার পশ্চিমপাড় প্লাবিত হওয়ার সুযোগ নেই বলে জানিয়েছে পাউবো।
পাউবো'র উপ সহকারী প্রকৌশলী জহুরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নদীর পানি কমে যাওয়ায় ভাঙ্গনের তীব্রতা বেড়েছে। এই মুহূর্তে বাঁধ সংস্কারের চিন্তা আপাতত নেই।
বিকল্প বাঁধে ভাঙ্গনের ফলে ধুনট উপজেলার আটাচর, শহরাবাড়ি, গোসাইবাড়ি, ভান্ডারবাড়ির সঙ্গে সারিয়াকান্দি উপজেলার চন্দনবাইশা, দড়িপাড়া, কামালপুর এলাকার সরাসরি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।
আটাচর গ্রামের বাসিন্দা আব্দুর রাজ্জাক সাংবাদিকদের জানান, বাঁধটি শুধু বালু দিয়ে তৈরি করা হয়েছিল। তীরের কাছ থেকে বালু তোলায় বাঁধে ধস নেমেছে বলে তিনি দাবি করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭৩৪ ঘ.
bdnews24