চাঁদপুর, অক্টোবর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুরে মেঘনা মোহনায় দুটি যাত্রীবাহী লঞ্চ থেকে মাছ ও পলিথিন জব্দ করা হয়েছে। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
শনিবার রাত সাড়ে ১২টার দিকে ঢাকা থেকে বরিশালগামী এমভি কীর্তনখোলা-১ লঞ্চ থেকে ৯ বস্তা নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ করা হয়। এছাড়া রাত দেড়টার দিকে বরিশাল থেকে ঢাকাগামী এমভি কিং সম্রাট নামের অপর লঞ্চ থেকে আটক করা হয়েছে দুই ঝুড়ি ভর্তি পাঙ্গাশ ও ইলিশ মাছ।
অভিযানে নেতৃত্বদানকারী ম্যাজিস্ট্রেট শামীমুল হক পাভেল রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জব্দকৃত পলিথিনের ব্যাপারে চাঁদপুর সদর মডেল থানায় নিয়মিত মামলা দায়ের করা হবে।
মাছগুলো বিক্রি অথবা এতিম খানায় দিয়ে দেওয়া হতে পারে বলে জানান তিনি।
১৫ অক্টোবর থেকে ২৪ অক্টোবর উপকূলীয় এলাকায় ডিমওয়ালা ইলিশ নিধন রোধে ১০ দিন মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/কেএমএস/১৬১৬ ঘ.
bdnews24