২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রূপগঞ্জের সংঘর্ষে গুলিবিদ্ধ একজনের মৃত্যু, দু'টি মামলা

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সেনা আবাসন প্রকল্পের জন্য জমি কেনাকে কেন্দ্র করে সংঘর্ষের সময় গুলিবিদ্ধ একজন মারা গেছে বলে পুলিশ জানিয়েছে। ওদিকে শনিবারের ওই ঘটনায় রূপগঞ্জ থানায় পুলিশ ও র‌্যাব পৃথক দু'টি মামলা করেছে। (আরো তথ্যসহ-১)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2010, 08:14 AM

Updated : 25 Aug 2022, 07:28 PM

ঢাকা, অক্টোবর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের রূপগঞ্জে সেনা আবাসন প্রকল্পের জন্য জমি কেনাকে কেন্দ্র করে সংঘর্ষের সময় গুলিবিদ্ধ একজন মারা গেছে বলে পুলিশ জানিয়েছে। ওদিকে শনিবারের ওই ঘটনায় রূপগঞ্জ থানায় পুলিশ ও র‌্যাব পৃথক দু'টি মামলা করেছে। পুলিশের মামলায় ছয়জনের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয় আরো ৩-৪ হাজার এবং র‌্যাবের মামলায় অজ্ঞাত পরিচয় ৩-৪ হাজার জনকে আসামি করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের নারায়ণগঞ্জ প্রতিনিধি জানিয়েছেন, রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মুনসেফ বাদী হয়ে রোববার সকালে মামলাটি দায়ের করেন। মামলায় হামলা, লুটপাট, অগ্নিসংযোগ, ভাংচুর ও ভীতিকর পরিস্থিতি সৃষ্টির অভিযোগ আনা হয়। মামলার ছয় আসামি হলেন- রূপগঞ্জ গ্রামের মামুন (৩৫), বাছেদ (৪৫), পিতলগঞ্জের তরিকুল (৪২), ইছাখালীর বাদল ভুঁইয়া (৪৫) এবং সাফিয়ানা গ্রামের মতিন (৪৫) ও সিরাজ (৪৫)। রূপগঞ্জ থানার ওসি ফোরকান সিকদার বিডিনিউজি টোয়েন্টিফার ডটকমকে বলেন, প্রাথমিক তদন্তে ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতা পাওয়া গেছে বলে এফআইআর-এ তাদের নাম অন্তর্ভুক্ত করা হয়। র‌্যাবের মামলার বাদী হলেন- র‌্যাব-১১ এর আদমজী ক্যাম্পের উপ-পরিদর্শক ইয়াছিন মিয়া। রোববার রাত ১১টায় তিনি রূপগঞ্জ থানায় মামলাটি করেন বলে পুলিশ জানায়। এদিকে রাজধানীর শেরে বাংলা নগর থানার এসআই আব্দুল বারি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রূপগঞ্জের সংঘর্ষে গুলিবিদ্ধ মোস্তফা জামাল (২৬) ঢাকায় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকাল সাড়ে ৯টার দিকে মারা গেছেন। তিনি রূপগঞ্জের হরিণা নদীর পাড় এলাকার কৃষক আব্দুর রফিকের ছেলে। নিহতের চাচাতো ভাই মাকসুদুল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, শনিবার সকাল সাড়ে ৯টার দিকে জামাল বাসা থেকে বের হয়েছিলো। রূপগঞ্জের সাংসদ গাজী গোলাম দস্তগীর দুপুরে হৃদরোগ ইনস্টিটিউটে যান। তখন তিনি নিহত জামালের দাফনের জন্য ২০ হাজার টাকা দেন বলেও জানান মাকসুদুল। ওদিকে সেনা আবাসন প্রকল্পের জন্য জমি কেনাকে কেন্দ্র করে সংঘর্ষের পরদিন রোববার রূপগঞ্জে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। গ্রেপ্তার আতঙ্কে পুরুষরা রাতে বাড়িতে থাকেননি বলেও জানিয়েছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি। তিনি আরো জানিয়েছেন, সকাল থেকেই র‌্যাব ও পুলিশ সদস্যরা এলাকায় জোর টহল দিচ্ছেন। সেনা আবাসন প্রকল্পের জন্য জমি কেনাকে কেন্দ্র করে শনিবার রূপগঞ্জে সংঘর্ষের এক পর্যায়ে সেখানকার অস্থায়ী সেনাক্যাম্পে আগুন ধরিয়ে দেয় স্থানীয়রা। সকাল থেকে দুপুর পর্যন্ত কায়েতপাড়ায় র‌্যাব ও পুলিশের সঙ্গে জনতার দফায় দফায় সংঘর্ষে অর্ধশতাধিক আহত হয় বলে স্থানীয় পুলিশ জানিয়েছে। জনতার অবরোধের মুখে পড়ে প্রায় পাঁচ ঘণ্টা সেনাসদস্যরা আটকে থাকার পর বিকালে হেলিকপ্টারে করে তাদের সরিয়ে নেওয়া হয়। তার সরে যাওয়ার পর তানমুসুরি ক্যাম্পে এবং সেনাবাহিনীর গাড়িতে আগুন দেওয়া হয় বলে স্থানীয়রা জানায়। বিক্ষোভ দমনে পুলিশ ও র‌্যাব গুলি ছুড়েছে বলে অভিযোগ করে স্থানীয়রা। তবে আইন-শৃঙ্খলা বাহিনী গুলি ছোড়ার কথা অস্বীকার করে। এলাকাবাসীর অভিযোগ, বাজার মূল্যের চেয়ে কম দামে তাদের জমি বিক্রি করতে চাপ দেওয়া হচ্ছিলো। তবে ওই এলাকার সাবেক সংসদ সদস্য ও সাবেক সেনাপ্রধান কেএম সফিউল্লাহ সাংবাদিকদের বলেছেন, "ভুল বোঝাবুঝির কারণে এ অনাকাক্সিক্ষত ঘটনা ঘটেছে।" অন্যদিকে ওই এলাকার বর্তমান সংসদ সদস্য গাজী গোলাম দস্তগীর এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ অভিযোগ করেছেন, বিএনপির উস্কানিতে সংঘাতের এ ঘটনা ঘটেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএইচএ/এলএইচ/এজে/কেএমএস/ডিডি/২৩৪০ ঘ.