২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছিটমহল বিনিময়ের দাবিতে সমাবেশ

বাংলাদেশ ও ভারতের ১৬২টি ছিটমহল দ্রুত বিনিময়ের দাবিকে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় ভারতের দাশিয়ারছড়া ছিটমহলে সমাবেশ করেছেন উভয় দেশের নেতারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2010, 05:42 PM

Updated : 25 Aug 2022, 07:27 PM

কুড়িগ্রাম, অক্টোবর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ ও ভারতের ১৬২টি ছিটমহল দ্রুত বিনিময়ের দাবিকে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় ভারতের দাশিয়ারছড়া ছিটমহলে সমাবেশ করেছেন উভয় দেশের নেতারা। শনিবার উপজেলার গঙ্গারহাট সীমান্তে বাংলাদেশ ভূখণ্ডের প্রায় দুই কিলোমিটার অভ্যন্তরে অবস্থিত দাশিয়ারছড়া ছিটমহলের কালিরহাট বাজারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। উভয় দেশের ছিটমহল বিনিময়ের দাবিতে লাগাতার আন্দোলনের অংশ হিসেবে বাংলাদেশ-ভারত ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির বাংলাদেশ ইউনিট এ সমাবেশের আয়োজন করে। কমিটির বাংলাদেশ ইউনিটের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাংলাদেশের কুড়িগ্রাম জেলার অধীনে ১৮টি এবং লালমনিরহাট জেলার অধীনে ৩৩টি মোট ৫১টি ছিটমহল রয়েছে। তিনি জানান, এগুলোর অবস্থান ভারতের কুচবিহার জেলার দিনহাটা ও তুফানগঞ্জ মহুকুমায়। অপরদিকে ভারতের কুচবিহার জেলার অধীনে বাংলাদেশের অভ্যন্তরে ১১১টি ছিটমহল রয়েছে। এর মধ্যে রয়েছে- কুড়িগ্রাম জেলায় ১২টি, লালমনিরহাটে ৫৯টি, পঞ্চগড়ে ৩৬টি এবং নীলফামারীতে ৪টি। বাংলাদেশ ও ভারতের এই ১৬২টি ছিটমহলে প্রায় সাড়ে তিন লাখ মানুষ বসবাস করছে বলে জানান তিনি। তিনি বলেন, "নিজ নিজ দেশের মূল ভূখণ্ডের সঙ্গে এসব ছিটমহলের কোনো যোগাযোগ না থাকায় সব ধরনের রাষ্ট্রীয় সুবিধা বঞ্চিত এসব মানুষ অর্ধ শতাব্দীরও বেশি সময় ধরে মানবেতর জীবন-যাপন করছেন।" সীমান্ত বিরোধ নিষ্পত্তিতে ১৯৭৪ সালে বাংলাদেশ-ভারত স্বাক্ষরিত চুক্তিতে এসব ছিটমহল বিনিময়ের কথা বলা হয়। ওই চুক্তির আলোকে বিষয়টি বাংলাদেশের জাতীয় সংসদে পাশ হলেও ভারতের পার্লামেন্টে এখনো পাশ হয়নি। চুক্তিটি কার্যকর হলে বাংলাদেশের অভ্যন্তরে ভারতের ১১১টি ছিটমহল বাংলাদেশে এবং ভারতের অভ্যন্তরে বাংলাদেশের ৫১টি ছিটমহল ভারতের সঙ্গে একীভূত হবে। গোলাম মোস্তফা বলেন, চুক্তিটি দ্রুত বাস্তবায়নের দাবিতে উঠান বৈঠক ও সমাবেশসহ 'টেকনিক্যাল ও নন-টেকনিক্যাল' আন্দোলন অব্যাহত রয়েছে। সমন্বয় কমিটির ভারতীয় ইউনিটের আইনি উপদেষ্টা ভারতের কুচবিহার জেলার দিনহাটার বাসিন্দা আহসান হাবিব বিডিনিউজ টোয়েন্টিফোর ডকমকে বলেন, "ছিটমহলবাসীরা দীর্ঘ ৬৩ বছর ধরে বন্দি অবস্থায় মানবেতর জীবনযাপন করছেন। ছিটমহলগুলো দ্রুত বিনিময়ের দাবিতে আমরা লাগাতারভাবে এ আন্দোলন চালিয়ে যাচ্ছি।" সমাবেশে সভাপতিত্ব করেন ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির বাংলাদেশ ইউনিটের সভাপতি আলতাফ হোসেন। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভারত ইউনিটের আইন উপদেষ্টা অ্যাডভোকেট আহসান হাবিব। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- সমন্বয় কমিটির বাংলাদেশ ইউনিটের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, ফুলবাড়ী উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান শাহাদত হোসেন, সাবেক ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মইনুল হক, লালমনিরহাটের পাটগ্রামে অবস্থিত ভারতের ছিটমহল ভোটমারীর বাসিন্দা মাজহারুল ইসলাম, পঞ্চগড়ের দেবীগঞ্জে অবস্থিত কোট ভাগিণীর বাসিন্দা নাজমুল আল আমীন এবং বোদায় অবস্থিত কাজলদীঘির বাসিন্দা সিরাজুল ইসলাম ও মতিয়ার রহমান প্রমুখ। এদিকে গত ১৬ অক্টোবর এক বাংলাদেশিকে পিটিয়ে হত্যার জেরে পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাষা ইউনিয়নে ভারতের গারাতি ছিটমহলের প্রায় দুইশ ঘরবাড়ি পুড়িয়ে দেয় বিক্ষুব্ধ জনতা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/ডিডি/২৩৩৭ ঘ.