২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধার স্কুলছাত্রী ২১ দিনেও উদ্ধার হয়নি

অপহরণের ২১দিনেও গাইবান্ধার এক স্কুলছাত্রীকে উদ্ধার করতে পারেনি পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2010, 05:21 PM

Updated : 25 Aug 2022, 07:27 PM

গাইবান্ধা, অক্টোবর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অপহরণের ২১দিনেও গাইবান্ধার এক স্কুলছাত্রীকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মেয়েটি (১৩) পলাশবাড়ী উপজেলার গিরিধারীপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী। এদিকে অপহরণকারীরা মেয়েটির বাবা-মা ও স্বজনদের মামলা তুলে নেওয়ার জন্য চাপ দিচ্ছে বলে অভিযোগ করেছেন পরিবারের সদস্যরা। এ ঘটনায় শনিবার গাইবান্ধা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করেন অপহৃত মেয়েটির বাবা প্রভাত কুমার বর্মন। প্রভাত কুমার লিখিত বক্তব্যে বলেন, গত ৩ অক্টোবর বিকালে উপজেলা সদর প্রফেসর পাড়ার বাড়ি থেকে প্রাইভেট পড়তে শিক্ষকের বাড়ি যাবার পথে রংপুর-বগুড়া মহাসড়কের সিএন্ডবি এলাকা থেকে তার মেয়েকে স্থানীয় 'দুর্বৃত্ত' রাশেদ, সুজন, আশরাফুল আলম ও তার সহযোগীরা মোটরসাইকেলে তুলে নিয়ে যায়। এ ঘটনায় ওইদিনই পলাশবাড়ী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে অপহরণ মামলা (নম্বর ০৪/৩৩৫) করা হয়। আসামিদের গ্রেপ্তারে পুলিশ কোনো উদ্যোগ নিচ্ছে না বলে তিনি অভিযোগ করেন। তিনি অপহৃতাকে নাবালিকা মেয়েকে উদ্ধারে দ্রুত ব্যবস্থা গ্রহণ এবং অপহরণকারী দুর্বৃত্তদের গ্রেপ্তারের দাবি জানান। সংবাদ সম্মেলনে মেয়েটির মা, ভাইসহ স্বজনরা উপস্থিত ছিলেন। পলাশবাড়ী থানার ওসি আহসান হাবীব পুলিশের নিস্ক্রিয়তার অভিযোগ অস্বীকার করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাদীর অভিযোগ সঠিক নয়। অপহৃতাকে উদ্ধার ও আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩০০ ঘ.