ঢাকা, অক্টোবর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২১ ফেব্রুয়ারি 'আন্তর্জাতিক মাতৃভাষা দিবস' হিসাবে পালন করবে জাতিসংঘ।
২২ অক্টোবর জাতিসংঘের ৬৫তম সাধারণ অধিবেশনের স্পেশাল পলিটিকাল অ্যান্ড ডিকলোনাইজেশন কমিটির (চতুর্থ কমিটি) এক বৈঠকে সর্বসম্মতিক্রমে এ সংক্রান্ত একটি প্রস্তাব পাশ হয়।
জাতিসংঘের স্থায়ী মিশনের প্রথম সচিব সারকে চামান থান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, জাতিসংঘ সদর দপ্তরে চতুর্থ কমিটির 'কোয়েশ্চেন রিলেটিং টু ইনফরমেশন' শীর্ষক ৫৪ নম্বর এজেন্ডার অধীনে প্রস্তাবটি গৃহীত হয়েছে।
গত মে মাসে ১১৩ সদস্য বিশিষ্ট 'কমিটি অন ইনফরমেশন'-এর সভাতেও এটি সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। সে সময় 'আন্তর্জাতিক মাতৃভাষা দিবস' পালন সংক্রান্ত একটি প্রস্তাবনা এতে অন্তর্ভুক্ত করা হয়।
১৯৯৯ সালে জাতিসংঘের অঙ্গসংস্থা ইউনেস্কো ২১ ফেব্র"য়ারি 'আন্তর্জাতিক মাতৃভাষা দিবস' হিসাবে ঘোষণা করে।
৫০ বছরেরও বেশি সময় ধরে ২১ ফেব্রুয়ারিতে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে আসছে এদেশের মানুষ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জেবি/পিডি/২০৫০ঘ.
bdnews24