২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদক বিক্রির প্রতিবাদ করায় হামলা, আহত ৫০

মাদকদ্রব্য বিক্রির বিরোধিতা করায় যশোরের কেশবপুর উপজেলায় দুর্বৃত্তের হামলায় নারী ও শিশুসহ অন্তত ৫০ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2010, 01:56 PM

Updated : 25 Aug 2022, 07:27 PM

যশোর, অক্বেটাবর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদকদ্রব্য বিক্রির বিরোধিতা করায় যশোরের কেশবপুর উপজেলায় দুর্বৃত্তের হামলায় নারী ও শিশুসহ অন্তত ৫০ জন আহত হয়েছে। শুক্রবার রাতে উপজেলার মূলগ্রামের দাসপাড়ায় এ ঘটনা ঘটে। এ সময় দু'টি বাড়িতে ভাংচুর এবং লুটপাটও করে দুর্বৃত্তরা। এ ঘটনায় শনিবার কেশবপুর থানায় একটি মামলা হয়েছে। আহতদের মধ্যে বিনয় কৃষ্ণ (৪২), বিমল কৃষ্ণ (১৮), সুজিত চ্যাটার্জি (৪৬), পরদা শীল (৫০), বাসন্তী শীল (৩২), অনিমা চ্যাটার্জি (৩৪) ও বিপুল শীলকে (২২) কেশবপুর হাসপাতালে ভর্তি করা হয়। প্রভাত চ্যাটার্জী (৩২) নামের আরেকজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। গ্রামবাসীর বরাত দিয়ে কেশবপুর থানার উপ-পরিদর্শক নাসির উদ্দিন জানান, অন্য এলাকা থেকে কিছু তরুণ দাসপাড়া এসে প্রতিদিন মাদক সেবন ও বেচাকেনা করে এবং জুয়া খেলে। তারা গ্রামের গৃহবধূ ও মেয়েদের উত্যক্তও করে। শুক্রবার দুপুরে দাসপাড়ার পুকুর পাড়ে মাদক বেচাকেনা ও জুয়া খেলার সময় এলাকাবাসী প্রতিবাদ করে। এর জেরে রাতে তারা দাসপাড়ায় হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট চালায়। আহত সুজিত চ্যাটার্জি ও পরদা শীল জানান, গৃহবধূরা যখন লক্ষ্মীপূজায় ব্যস্ত ছিল তখনই দুর্বৃত্তরা দাসপাড়ায় হামলা চালায়। তারা সঞ্জয় চ্যাটার্জি ও প্রভাত চ্যাটার্জির বাড়িতে ভাংচুর চালায় এবং মোবাইল ফোন সেট ও স্বর্ণালংকার লুট করে। এলাকাবাসীর অভিযোগ, এ ব্যাপারে এর আগে থানায় জানালেও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। তবে এলাকাবাসীর এ অভিযোগ পুলিশ অস্বীকার করেছে। উপজেলা চেয়ারম্যান এইচ এম আমির হোসেন, পৌর মেয়র আব্দুস সামাদ বিশ্বাস, ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন, আওয়ামী লীগ নেতা মিলন মিত্রসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯৫০ ঘ.