বরিশাল, অক্টোবর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশালের উজিরপুরে সন্ধ্যা নদীতে নৌকাবাইচ চলাকালে ডুবে যাওয়া ট্রলারের আর কোনো যাত্রী নিখোঁজ নেই বলে প্রশাসন জানিয়েছে।
শনিবার দুপুরে উদ্ধার তৎপরতা শেষ হয়েছে।
বরিশাল- ২ আসনের সাংসদ মনিরুল ইসলাম মনি নিহত তিনজনের পরিবারকে নগদ ১০ হাজার টাকা করে অর্থ সহায়তা দিয়েছেন।
উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রিয় সিন্ধু তালুকদার জানান, আর কোনো যাত্রী নিখোঁজ হওয়ার সংবাদ নেই। তাই উদ্ধার কাজ সমাপ্ত করা হয়েছে।
এর আগে বানারীপাড়া পৌরসভার চন্দিহার এলাকার মো. রাশেদ নিখোঁজ ছিলেন বলে খবর প্রচারিত হয়েছিল। পরে তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়, তিনি রাতে বাড়ি ফিরে গেছেন।
রাশেদের মা মকাসুদা বেগম বলেন, রাশেদ রাত ৯টায় বাড়ি পৌঁছেছে। ট্রলারডুবির পর রাশেদ সাঁতরে অপর একটি ট্রলারে উঠে যায়।
হারতা ইউপি চেয়ারম্যান সুনীল কুমার বিশ্বাস জানান, বিআইডব্লিউটিএ'র উদ্ধারকারী জাহাজ অগ্রগতি দুপুর একটায় ট্রলারটি তীরে ওঠায়। ট্রলারে কোনো লাশ পাওয়া যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৭৫৩ ঘ.
bdnews24