চট্টগ্রাম, অক্টোবর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বন্দরে পণ্যবাহী জাহাজের গড় অবস্থানকাল আড়াই থেকে তিন দিনে নেমে এসেছে বলে দাবি করেছেন বন্দর সচিব সৈয়দ ফরহাদ উদ্দিন।
শনিবার দুপুরে বন্দর ভবনে সংবাদ সম্মেলনে চট্টগ্রাম বন্দরের সচিব বলেন, "চট্টগ্রাম বন্দরে পূর্ণ স্বাভাবিক অবস্থা ফিরে এসেছে।"
বন্দরে জাহাজের গড় অবস্থানকাল বন্দর কর্তৃপক্ষ আরো কমিয়ে আনতে চায় বলে জানান তিনি।
সেপ্টেম্বর মাসে বন্দরে জাহাজের গড় অবস্থানকাল ছিলো সাতদিন।
এদিকে শ্রমিকদের দীর্ঘদিনের দাবি চিকিৎসা সুবিধা নিশ্চিত করতে বন্দর ও সেনাবাহিনীর যৌথ উদ্যোগে ৩০ শয্যার একটি ভ্রাম্যমাণ হাসপাতাল বিকাল থেকে চালু হয়েছে।
এটি চালু হবে বলে সংবাদ সম্মেলনে জানান বন্দর সচিব।
বন্দরে কাজের গতি সন্তোষজনক দাবি করে সৈয়দ ফরহাদ জানান, শ্রমিকদের অন্যতম দাবি পরিচয়পত্র দেওয়া কাজ দুয়েক দিনের মধ্যেই শুরু হবে।
শ্রমিকদের পরিচয়পত্র দেওয়া, চিকিৎসাসেবা নিশ্চিত করাসহ কয়েক দফা দাবিতে অন্দোলনরত শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের পর গত ১২ অক্টোবর বন্দরে সেনা মোতায়েন করা হয়।
শনিবার দুপুর পর্যন্ত চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গরে ৮৬টি জাহাজ অবস্থান করছিল। এর মধ্যে খাদ্যশস্যবাহী জাহাজ ১৭টি।
বহির্নোঙ্গরে অপেক্ষমাণ জাহাজের মধ্যে কন্টেইনার জাহাজের সংখ্যা শূন্যের কোটায় উল্লেখ করে বন্দর সচিব জানান, ৮৬টি জাহাজের মধ্যে একটি কন্টেইনারবাহী জাহাজসহ মোট আটটি জাহাজ বন্দরের জেটিতে প্রবেশের অপেক্ষায় আছে। বাকি জাহাজগুলোতে লাইটারেজ জাহাজের মাধ্যমে পণ্য ওঠানামার কাজ চলছে।
বন্দরে দায়িত্বরত সেনাসদস্যদের সেল কোঅর্ডিনেটিং অফিসার মেজর মো. শাহরিয়ার মোরশেদ সাংবাদিকদের বলেন, "বর্তমান পরিস্থিতি স্বাভাবিক। কেন শ্রমিক অসন্তাষ হয়েছিলো তা খতিয়ে দেখা হচ্ছে। আমার বার্থ অপারেটরদের সঙ্গেও কথা বলেছি।"
তিনি জানান, তারা স্থায়ী সমাধানের লক্ষ্যে কাজ করছেন।
৩০ শয্যার হাসপাতালে ৩০ জন সেনাসদস্য সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন বলে জানান শাহরিয়ার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/পিডি/১৭৩১ঘ.
bdnews24