২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কৃষকদের সুবিধা দেওয়া অব্যাহত থাকবে: গভর্নর

কৃষি উন্নয়নের মাধ্যমে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের লক্ষ্যে কৃষকদের সহায়তা অব্যাহত রাখা হবে বলে জানিয়েছেন গভর্নর আতিউর রহমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2010, 10:52 AM

Updated : 25 Aug 2022, 07:27 PM

বেনাপোল (যশোর), অক্টোবর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কৃষি উন্নয়নের মাধ্যমে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের লক্ষ্যে কৃষকদের সহায়তা অব্যাহত রাখা হবে বলে জানিয়েছেন গভর্নর আতিউর রহমান। তিনি শনিবার যশোরের শার্শায় রাষ্ট্রায়াত্ত পূবালী ব্যাংকের নাভারণ বাজার শাখা উদ্বোধন ও ফুলচাষীদের মধ্যে ঋণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ আশ্বাস দেন। কৃষকদের জন্য ১০ টাকায় ব্যাংক হিসাব খোলার সুবিধা দিতে সব বাণিজ্যিক ব্যাংকের প্রতি কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা রয়েছে। এছাড়া কৃষিঋণ বিতরণের লক্ষ্যমাত্রাও এবার বাড়ানো হয়েছে। নাভারণ এলাকার ফুলচাষীদের ঋণ দেওয়ার জন্য ব্যাংকগুলোকে ধন্যবাদ জানিয়ে গভর্নর বলেন, "এ এলাকার ৮৫৮ জন ফুলচাষীকে ৩টি ব্যাংক প্রায় ৩ কোটি ৫৬ লাখ টাকা ঋণ দিয়েছে। এ জন্য আমি সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে ধন্যবাদ জানাচ্ছি।" আতিউর বলেন, "বৈরী আবহাওয়ার কারণে শতদুঃখ-কষ্ট ও বেদনার মধ্যেও আমাদের অকুতোভয় সাহসী কৃষক ভাইরা যেভাবে পরিস্থিতি মোকাবেলা করেন, তা অতুলনীয়। অর্থনৈতিক মুক্তি আনার লক্ষ্যে কৃষক ভাই-বোনদের বিভিন্নমুখী সুযোগ-সুবিধা বাড়ানোর প্রতি আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।" কৃষিঋণ বিতরণের লক্ষ্যমাত্রার শতভাগ অর্জনের আশা প্রকাশ করেন কেন্দ্রীয় ব্যাংক গভর্নর। চলতি অর্থবছরে কৃষিঋণ বিতরণের লক্ষ্যমাত্রা ১২ হাজার কোটি টাকা, যা গতবারের চেয়ে ৫০০ কোটি টাকা বেশি। ফুলচাষীদের উৎসাহিত করে তিনি বলেন, যশোরের ঝিকরগাছা উপজেলায় প্রায় ৭ হাজার ৫০০ বিঘা জমিতে ফুলের চাষ হয় এবং অভ্যন্তরীণ বাজারে তারা যে ফুল বিক্রি করেন, তার আনুমানিক বাজার মূল্য ১৫০ কোটি টাকা। বাণিজ্যিকভাবে উৎপাদিত এসব ফুল বিদেশে রপ্তানি করতে পারলে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা আয় করা সম্ভব। নাভারণে পূবালী ব্যাংকের ৩৮৭তম শাখার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হেলাল আহমদ চৌধুরী। পূবালী ব্যাংকের শাখা উদ্বোধনের আগে গভর্নর ঝিকরগাছার গদখালিতে কয়েকটি ফুল ক্ষেত ঘুরে দেখেন এবং চাষীদের সঙ্গে কথা বলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৬৩০ ঘ.