২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সীগঞ্জে ট্রলারডুবে সাংবাদিকসহ চারজন নিখোঁজ

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার টেকেরহাটে লালন উৎসবে যোগ দিতে যাওয়ার পথে ৬০ আরোহী নিয়ে ইছামতি নদীতে ট্রলার ডুবে সাংবাদিকসহ কমপক্ষে চারজন নিখোঁজ রয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2010, 03:52 AM

Updated : 25 Aug 2022, 07:27 PM

মুন্সীগঞ্জ, অক্টোবর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার টেকেরহাটে লালন উৎসবে যোগ দিতে যাওয়ার পথে ৬০ আরোহী নিয়ে ইছামতি নদীতে ট্রলার ডুবে সাংবাদিকসহ কমপক্ষে চারজন নিখোঁজ রয়েছেন। পুলিশ জানিয়েছে, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে টেঙ্গুরিয়াপাড়ার কাছের এ দুর্ঘটনায় আহত ১০ জনকে স্থানীয় ও ঢাকার বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। রাতেই ট্রলারটির সন্ধান মিললেও সেটি শনিবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি। নিখোঁজদের সন্ধানে অভিযান চলছে। নিখোঁজ যাত্রীদের স্বজনদের পাশাপাশি অনেকেই ইছামতির তীরে ভিড় জমিয়েছেন। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সিরাজদিখান থানার ওসি মাহবুব আলম জানান, উপজেলা সদর থেকে দেড় কিলোমিটার দূরে ইছামতি নদীতে একটি বালুবোঝাই জাহাজের সঙ্গে কাঠের ট্রলারটি সংঘর্ষ হলে সেটি ভেঙে ডুবে যায়। তিনি বলেন, ট্রলারটি ডুবে যাওয়ার সময় অন্যরা সাঁতরে তীরে উঠতে পারলেও নিখোঁজ রয়েছেন বাংলাদেশ সময়ের স্টাফ রিপোর্টার মহিউদ্দিন ছোটন (২৬), পোশাক ব্যবসায়ী মো. ইমরান, ব্যবসায়ী শহিদুল ইসলাম আজাদ (৩৮) ও মো. কনক (৩০)। তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি। ওসি জানান, ট্রলারযাত্রীদের মধ্যে ১৫ জন ছিলেন ঢাকার। দুর্ঘটনার সময় ট্রলার ও জাহাজ কোনটিতেই বাতি জ্বালানো ছিলো না। বালুর জাহাজটি আটক করা হয়েছে। তবে কাউকে গ্রেপ্তার করা যায়নি বলেও তিনি জানান। মুন্সীগঞ্জের সহকারী পুলিশ সুপার কামরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, ঢাকা থেকে আসা দমকল বাহিনীর ডুবুরীরা রাত আড়াইটার দিকে ট্রালারটির অবস্থান সনাক্ত করেন। তবে তাতে কোনো লাশ পাওয়া যায়নি। শনিবার সকাল থেকে স্থানীয়ভাবে নিখোঁজদের সন্ধানে এবং ট্রলারটি উদ্ধার অভিযান শুরু হয়েছে বলেও তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/০৯৫৪ ঘ.