বাগেরহাট, অক্টোবর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাটের রামপাল উপজেলায় ডাকাত সন্দেহে গ্রামবাসী তিন তরুণকে আটক করেছে। এর মধ্যে দু'জনের চোখ উপড়ে নিয়েছে তারা।
তাদের ব্যবহৃত দু'টি মোটরসাইকেলও ক্ষুব্ধ জনতা পুড়িয়ে দেয়।
তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে একটি অত্যাধুনিক বিদেশি সিক্স শ্যুটার বন্দুক।
শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার ভোজপাতিয়া ইউনিয়নের জিয়লমারি সেতুর কাছে এ ঘটনা ঘটে।
পুলিশ আহতদের উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করেছে।
আটক তিনজন হলেন- মংলা উপজেলার বাঁশতলা গ্রামের সাহেদ শেখ (২৬), আল আমিন শেখ (২৭) এবং জয়মনি ঘোল গ্রামের বিজয় মণ্ডল (২৭)।
এদের মধ্যে সাহেদ ও বিজয় মণ্ডলের চোখ তুলে নেওয়া হয়।
রামপাল থানার ওসি নিজাম উদ্দিন রাত ১০টায় জানান, এই তিন তরুণ মংলা থেকে মোটরসাইকেলে বাগেরহাট শহর হয়ে রামপালের ভোজপাতিয়া ইউনিয়নের জিয়লমারি সেতুর কাছে এসে থামেন।
এতে এলাকাবাসীর সন্দেহ হলে তারা তাদের পরিচয় জানতে চায়। এক পর্যায়ে গ্রামবাসী তাদের কাছে থাকা একটি বালিশ তল্লাশি করে যুক্তরাষ্ট্রে তৈরি একটি আধুনিক সিক্স শ্যুটার (শর্ট গান) উদ্ধার করে।
এ সময় গ্রামবাসী উত্তেজিত হয়ে ডাকাত সন্দেহে তাদের পিটুনি দেয় এবং দু'জনের চারটি চোখই তুলে নেয়।
পুলিশ পাহারায় তাদের বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। মামলা হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০০৮ ঘ.
bdnews24