বরিশাল, অক্টোবর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশালের বাখেরগঞ্জে এক গ্রাম পুলিশের চোখ তুলে নিয়েছে দুর্বৃত্তরা। জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষ এ হামলা চালিয়েছে বলে ওই গ্রাম পুলিশের স্বজনরা অভিযোগ করেছে।
আহত গ্রাম পুলিশ সদস্য বাদশা খানকে (৪২) বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৭টায় বাখেরগঞ্জ উপজেলার দুর্গাপাশা ইউনিয়নের জিরাইল বাজারে তার ওপর হামলা হয় বলে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়।
পুলিশ জানায়, বাদশাকে বাঁচাত গিয়ে জিরাইল মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য সাত্তার সিকদারও আহত হন।
আহত সাত্তার সাংবাদিকদের বলেন, তিনি এবং বাদশা একটি চায়ের দোকানে ছিলেন। ওই সময় বাদশার ওপর হামলা হয়।
"দেলোয়ার সিকদার ও তার সন্ত্রাসী বাহিনী ধারালো অস্ত্রের মুখে বাদশাকে তুলে বাজারের পাশে নিয়ে যায়। সেখানে তার চোখ তুলে নেওয়া হয়। বাদশার চিৎকারে আমি ছুটে গেলে আমার মাথায়ও কোপ দেয় সন্ত্রাসীরা।"
সাত্তারকে বাখেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।
বাদশার স্ত্রী রিনা বেগম বলেন, দেলোয়ার সিকদার তাদের আত্মীয়। তবে জমি নিয়ে তাদের সঙ্গে বাদশার বিরোধ ছিলো।
সে বিরোধের জের ধরে ২০০৯ সালে বাদশার বাবা চান্দু খাঁকে দেলোয়ার সিকদারের সহযোগীরা হত্যা করে বলে অভিযোগ করেন তিনি।
রিনা বলেন, "এ নিয়ে মামলা হলেও পরে স্থানীয়ভাবে তার মীমাংসা হলে মামলা তুলে নেওয়া হয়। তবে কিছু দিন ধরে জিরাইল মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নিয়েও দেলোয়ারের সঙ্গে বাদশার পূর্ব বিরোধ আবার জেগে ওঠে।"
বাদশার ওপর হামলার খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে বলে জানিয়েছেন বাখেরগঞ্জ থানার ওসি সাইফুর রহমান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "স্পিডবোটে করে বাদশাকে হাসপাতালে নিয়ে আসা হয়। হামলাকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।"
দুর্গাপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম জানান, বাদশা এক সময় যুবলীগ করতেন। তিনি দুর্গাপাশা ইউনিয়ন যুবলীগের সদস্য এবং ৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি ছিলেন। চাকরি পেয়ে রাজনীতি ছেড়ে দেন বাদশা।
দেলোয়ার সিকদার বিএনপি সমর্থক বলে তিনি জানান।
এ বিষয়ে দেলোয়ার সিকদারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ঘটনাটি শুনেছি, তবে আমি এর মধ্যে নেই।"
বাদশা সম্পর্কে তার ভাগ্নে বলেও জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৭০০ ঘ.
bdnews24