২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীর ৫ খাল দখলমুক্তি অনিশ্চিত

সরকারের অঙ্গীকার থাকা সত্ত্বেও রাজধানীর ছয়টি খালের মধ্যে পাঁচটি খাল অক্টোবরের মধ্যে দখলমুক্ত করার বিষয়টি অনিশ্চিত হয়ে পড়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2010, 08:17 AM

Updated : 25 Aug 2022, 07:27 PM

আমিনূর রহমান রাসেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, অক্টোবর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারের অঙ্গীকার থাকা সত্ত্বেও রাজধানীর ছয়টি খালের মধ্যে পাঁচটি খাল অক্টোবরের মধ্যে দখলমুক্ত করার বিষয়টি অনিশ্চিত হয়ে পড়েছে। ছয়টি খালের মধ্যে একটি দখলমুক্ত করা হয়েছে। বাকি পাঁচটি খালে এখনো উচ্ছেদ অভিযান শুরু করতে পারেনি প্রশাসন। খালগুলো পুনরুদ্ধারের দায়িত্বে রয়েছে ঢাকা জেলা প্রশাসন। পুরুদ্ধারের কাজে সহযোগিতা করছে ঢাকা ওয়াসা। কিন্তু কবে নাগাদ খালগুলো দখলমুক্ত করা হতে পারে তা প্রশাসন নিশ্চিত করে বলতে পারছে না। ওই ছয়টি খালের মধ্যে একটি মোহাম্মদপুরের রামচন্দ্রপুর খাল। বেদখল হয়ে যাওয়া এই খালে বুধবার উচ্ছেদ অভিযান চালানোর কথা থাকলেও তা হয়নি। এই উদ্ধার অভিযান কবে চালানো হতে পারে তা নিশ্চিত করে বলতে পারছে না প্রশাসন। এর আগে সোমবার এ খালে উচ্ছেদ অভিযানে গিয়ে মুক্তিযোদ্ধাদের বাধার মুখে ফিরে আসে ঢাকা ওয়াসা ও ঢাকা জেলা প্রশাসনের লোকজন। খালগুলো পুনরুদ্ধার না হওয়ার পেছনে 'অদৃশ্য শক্তি' কাজ করছে বলে মন্তব্য করেছেন পরিবেশ বাঁচাও আন্দোলনের (পবা) সভাপতি আবু নাসের খান। নদ-নদীর নাব্যতা রক্ষা সংক্রান্ত জাতীয় টাস্কফোর্সের সদস্য আবু নাসের খান বলেন, "টাস্কফোর্সের সভায় সিদ্ধান্ত হয় অক্টোবরের মধ্যে ছয়টি খাল দখলমুক্ত করার। অথচ মাসের দুই-তৃতীয়াংশ সময় শেষ হয়ে গেছে।" এ মাসের মধ্যে সবকটি খাল দখলমুক্ত হবে না বলে উদ্বেগ প্রকাশ করেছেন নাসের খান। খালগুলো পুনরুদ্ধার অভিযানে দেরি হওয়া প্রসঙ্গে টাস্কফোর্সের এই সদস্য বলেন, "হয়তো কোনো অদৃশ্য শক্তি কাজ করছে। এ ব্যাপারে সরকারের কঠোর পদক্ষেপ নেওয়া উচিত।" রামচন্দ্রপুর খাল দখলমুক্ত করা প্রসঙ্গে তিনি বলেন, "মুক্তিযোদ্ধাদের অন্যত্র জায়গার ব্যবস্থা করে হলেও অবশ্যই খাল দখলমুক্ত করতে হবে। তা না হলে টাস্কফোর্সের সিদ্ধান্ত প্রশ্নবিদ্ধ হবে।" নদ-নদীর নাব্যতা রক্ষা সংক্রান্ত জাতীয় টাস্কফোর্স ঢাকা ও এর আশপাশের ছয়টি খাল অক্টোবরের মধ্যে উদ্ধার করার সিদ্ধান্ত নেয় গত ২৯ সেপ্টেম্বর। খালগুলো হচ্ছে- কাঁটাসুর, কল্যাণপুর ক ও গ, শ্যামপুর, রামচন্দ্রপুর এবং হাজারীবাগ। খালগুলো অক্টোবর মাসের মধ্যেই দখলমুক্ত করার ব্যবস্থা নিতে জেলা প্রশাসনকে ২৯ সেপ্টেম্বরই নির্দেশ দেয় টাস্কফোর্স। সে অনুযায়ী, গত ৪ অক্টোবর মোহাম্মদপুরের কাঁটাসুর খালে অবৈধ স্থাপনা উচ্ছেদ চালায় প্রশাসন। কিন্তু বাকি খালগুলোর মধ্যে মোহাম্মদপুরের রামচন্দ্রপুর খালে গত ১৮ অক্টোবর উচ্ছেদ অভিযানে গিয়েও মুক্তিযোদ্ধাদের বাধার মুখে তা সম্ভব হয়নি। মুক্তিযোদ্ধারা তাদেরকে পুনর্বাসনের দাবিতে এই খাল উদ্ধার অভিযানে বাধা দেয়। এ অবস্থায় প্রশাসন উচ্ছেদ অভিযান স্থগিত করে। ঢাকা জেলা প্রশাসক মো. মহিবুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রামচন্দ্রপুর খাল দখলমুক্ত করতে বুধবার অভিযান চালানোর কথা থাকলেও সেখানে কিছু সমস্যা থাকায় সম্ভব হয়নি।" এর আগে সোমবার তিনি বলেছিলেন, মুক্তিযোদ্ধারা সময় চাওয়ায় উচ্ছেদ অভিযান স্থগিত করা হয়েছে। উচ্ছেদ অভিযান কবে নাগাদ আবার শুরু হতে পারে-এ প্রশ্নের জবাবে তিনি বলেন, "আমি রামচন্দ্রপুর খাল পরিদর্শনে যাবো। এরপর সিদ্ধান্ত নেওয়া হবে কবে অভিযান শুরু করা যায়।" বাকি চারটি খাল দখলমুক্ত করা প্রসঙ্গে জেলা প্রশাসক বলেন, "ওই খালগুলোর অবৈধ স্থাপনা চিহ্নিতকরণের কাজ চলছে।" এই চারটি খালে উচ্ছেদ অভিযান কবে শুরু হবে তাও নিশ্চিত করে বলতে পারেননি জেলা প্রশাসক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/কেএমএস/ ১৪১০ঘ.