ঢাকা, ২০ অক্টোবর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে অপহরণের অভিযোগ করেছে তার পরিবারের সদস্যরা।
বুধবার অপহরণের পর তাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে।
ওই ছাত্রীর খালা লোপা রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল ১১টায় পুরান ঢাকার সিদ্দিকবাজারের বাসভবন থেকে বের হয়ে ধানমণ্ডির স্কলাসটিকা স্কুল থেকে ছোট ভাইবোনকে আনতে গিয়েছিল মেয়েটি। দুপুর একটায় মোবাইল ফোনে শেষবারের মতো মেয়ের সঙ্গে কথা হয় মা হাজেরা ইমরানের।
দুপুর ১টার তার মোবাইল ফোন বন্ধ হয়ে যায়। এরপর থেকে তার সঙ্গে আর যোগাযোগ করা সম্ভব হয়নি বলে জানান লোপা।
সন্ধ্যা ৭টায় ছাত্রীর মা ও খালার মোবাইল ফোনে অপরিচিত নম্বর থেকে ফোন আসতে শুরু করে।
লোপা জানান, অজ্ঞাত ব্যক্তি তাকে ফোন করে হুমকি দিয়ে বলেছে, "ওর মাকে বলে দিস, গুলি করে তার মাথার খুলি উড়িয়ে দেওয়া হবে। কিছুদিনের মধ্যেই লাশ পেয়ে যাবে।"
ছাত্রীর মাকেও একই হুমকি দেওয়া হয়েছে বলে তিনি জানান।
এ ব্যাপারে রাতে ছাত্রীর মা ধানমণ্ডি থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
ধানমণ্ডি থানার ওসি শাহ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মেয়েটি কোন এলাকা থেকে নিখোঁজ হয়েছে সে সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।
লোপা আরো জানান, মঙ্গলবার ওই ছাত্রীর বাবা ইমরান হান্নান তার এক ব্যবসায়িক পার্টনারকে লেনদেনের ব্যাপারে উকিল নোটিশ পাঠিয়েছেন। এর জের ধরে এ ঘটনা ঘটতে পারে বলে তার পরিবারের সদস্যরা সন্দেহ করছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসএইচএ/এইচএ/২৩৫০ ঘ.
bdnews24