বান্দরবান, অক্টোবর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বান্দরবানে তামাক চাষের উপর কেন অস্থায়ী নিষেধাজ্ঞা আরোপ করা হবে না, সাত দিনের মধ্যে তার ব্যাখ্যা চেয়েছে আদালত।
বুধবার যুগ্ম জেলা জজ মো. সামসউদ্দীন খালেদ তিন টোবাকো কোম্পানি এবং জেলার শীর্ষ সরকারি কর্মকর্তাদের এই নোটিশ দেন। এর আগে উভয়পক্ষের শুনানি হয়।
ওই আদালতে গত ১৮ অগাস্ট বান্দরবানে তামাক চাষ বন্ধের আদেশ চেয়ে মামলাটি দায়ের করেন স্থানীয় সাংবাদিক আলাউদ্দিন ও জেলার বাসিন্দা জাফর ইকবাল।
পরে বাংলাদেশ পরিবেশ আইনবিদ অ্যাসোসিয়েশন (বেলা), কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব), বান্দরবান জেলা কৃষক সমিতিও মামলায় বাদী হয়।
জাফর ইকবাল সাংবাদিকদের জানিয়েছেন, বাদী ও বিবাদীপক্ষের বক্তব্য শুনে আদালত আগামী ৭ দিনের মধ্যে বান্দরবানে তামাক চাষ ও প্রক্রিয়াজাতকরণ বন্ধে কেন অস্থায়ী নিষেধাজ্ঞা আরোপ করা হবে না তার কারণ দর্শাতে বিবাদীপক্ষকে আদেশ দেন।
মামলায় বাদীপক্ষের আইনজীবী ছিলেন ব্যারিস্টার তানিয়া আমীর, বান্দরবান জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মহিউদ্দিন ও ইলিয়াছুর রহমান। বিবাদীপক্ষে ছিলেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন, আবুল কালামসহ আরো কয়েকজন।
এ মামলার বিবাদীপক্ষে রয়েছে- ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানি, ঢাকা টোবাকো কোম্পানি ও আবুল খায়ের টোবাকো কোম্পানি এবং বান্দরবান জেলা প্রশাসক, জেলার সাত উপজেলা নির্বাহী কর্মকর্তা, সাত থানার ওসি, বান্দরবানের তিন বিভাগীয় বন কর্মকর্তা, কৃষি কর্মকর্তাসহ ২২ জন।
এর আগে গত ২ সেপ্টেম্বর উভয়পক্ষের শুনানি শেষে আদালত নির্দেশনায় বলে- নতুন করে কোনো জমিতে তামাক চাষ করা যাবে না, প্রকৃত চাষিরাই তামাক চাষ করবে এবং তামাক কোম্পানিগুলো চাষিদের আগে যেভাবে আগাম ঋণ বা দাদন, বীজ, সার, কীটনাশকসহ বিভিন্ন সহযোগিতা দিয়ে আসছিল তা দেওয়া যাবে না।
জেলার সাত উপজেলার সবকটিতেই তামক চাষ হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১৩৫ ঘ.
bdnews24