নাটোর, অক্টোবর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছাত্রীদের উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় বখাটের হামলায় আহত নাটোরের কলেজ শিক্ষক মিজানুর রহমান মারা গেছেন।
মিজানুর রহমান (৩৬) নাটোরের বাগাতিপাড়া উপজেলার লোকমানপুর কলেজের রসায়ন বিভাগের প্রভাষক ছিলেন।
বুধবার দুপুরে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব চিকিৎসা বিশ্ববিদ্যালয়ে তার মৃত্যু হয়।
গত ১২ অক্টোবর স্থানীয় দুই বখাটে তরুণ উপজেলার কৃষ্ণা কৃষি খামারের সামনে হামলা চালিয়ে তাকে গুরুতর জখম করেছিল। ওই ঘটনায় ১৫ অক্টোবর বাগাতিপাড়া থানায় আসিফ আলী ও রাজন নামে দুজনের বিরুদ্ধে একটি মামলা হয়।
এদিকে এই শিক্ষকের মৃত্যুর খবরে বিক্ষুব্ধ এলাকাবাসী রেলপথ অবরোধ এবং মানববন্ধন করেছে।
এলাকাবাসী ও পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে স্থানীয় দুই বখাটে কলেজের একাদশ শ্রেণীর কয়েকজন ছাত্রীকে কলেজে যাওয়া-আসার পথে উত্ত্যক্ত করে আসছিল।
তারা বিষয়টি প্রভাষক মিজানুর রহমানকে জানালে তিনি তা অধ্যক্ষ ও ব্যবস্থাপনা কমিটিকে অবহিত করেন। এছাড়া নিজেও ওই তরুণদের সতর্ক করে দেন।
এর জেরে ১২ অক্টোবর দুপুরে ওই তরুণরা স্থানীয় কৃষ্ণা কৃষি খামারের সামনে মোটরসাইকেল নিয়ে হামলা চালিয়ে মিজানুর রহমানের মাথা, বুক, চোখ ও অণ্ডোকোষে গুরুতর জখম করে।
তাকে প্রথমে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং সবশেষে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পাঠানো হয়।
বিকালে শিক্ষকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও এলাকার কয়েকহাজার মানুষ কলেজ মাঠে অবস্থান নেন। তারা বখাটেদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়ে মানববন্ধন করেন।
এর আগে দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত তারা লোকমানপুর এলাকায় রেলপথ অবরোধ করলে একটি লোকাল ট্রেন আটকা পড়ে।
সন্ধ্যায় তার মরদেহ গ্রহণ করেন কলেজের অধ্যক্ষ মতিউর রহমান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রচুর রক্তক্ষরণের কারণে মিজানুর রহমানের মৃত্যু হয়েছে বলে হাসপাতাল থেকে জানা গেছে।
তিনি আরো বলেন, "বখাটেদের হাত থেকে ছাত্রীদের রক্ষা করতে গিয়ে আমার একজন শিক্ষকের এভাবে মৃত্যু হবে আমি ভাবতেও পারিনি।"
কলেজের মনোবিজ্ঞান বিভাগের প্রভাষক রাকিবুল হাসান বলেন, "মিজান ভাইয়ের মৃত্যুতে আমরা ছাত্রীদের নিয়ে আরো অনিশ্চয়তায় পড়লাম। বখাটেদের ভয়ে আমরা এবং ছাত্রীরা আর কাউকে কিছু বলার সাহস পাবো না।"
নিহত শিক্ষকের ভাই মামুনুর রশিদ বলেন, "হামলার পর আমি বাদী হয়ে গত ১৫ অক্টোবর আসিফ আলী ও রাজনকে আসামি করে বাগাতিপাড়া থানায় মামলা করেছি। কিন্তু এখনো কেউ গ্রেপ্তার হয়নি।"
বাগাতিপাড়ার থানার ওসি বলেন, অভিযোগ পাওয়ার পর থেকে আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। কিন্তু আত্মগোপন করায় তাদের আটক করা যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০৩২ ঘ.
bdnews24