কক্সবাজার, অক্টোবর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কক্সবাজারে বন্যহাতির পায়ে পিষ্ট হয়ে একজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরো দুজন।
বুধবার গভীর রাতে চকরিয়া উপজেলার খুটাখালী এলাকায় এ ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানিয়েছে।
নিহত ব্যক্তি হলেন- খুটাখালী ইউনিয়নের পূর্ব পাড়া গ্রামের নুরুল আবছার (৫৮)।
অন্যদিকে রামু উপজেলার খুনিয়াপালং এলাকার জঙ্গল থেকে একটি লাশ উদ্ধার করেছে কাঠুরিয়ারা। তারা বলেছে, জখম দেখে তারা ধারণা করছে হাতির আক্রমণে অজ্ঞাত পরিচয় এই ব্যক্তির মৃত্যু হয়েছে।
খুটাখালী পূর্ব পাড়ার বাসিন্দা মোহাম্মদ আনোয়ার হোসাইন সাংবাদিকদের জানান, খুটাখালীর বিভিন্ন গ্রামের কিছু মানুষ বুধবার রাতে পাশের ফান্ডাছড়ি এলাকায় ধানী জমি পাহারা দিচ্ছিলেন।
গভীর রাতে বন্যহাতির একটি পাল এসে ধানক্ষেত নষ্ট করা শুরু করলে পাহারায় থাকা লোকজন হাতির পালটিকে তাড়ানো চেষ্টা করে। ওই সময় হাতির আক্রমণে নুরুল আবছার ঘটনাস্থলেই মারা যান।
আহত হয় খুটাখালী গর্জনতলীর সাগর ও পূর্ব পাড়ার আবদুস সামাদ।
আনোয়ার জানান, আহতদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
অন্যদিকে উখিয়ার মরিচ্যা এলাকার বাসিন্দা হাফেজুর রহমান জানান, রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের তালতলী পাহাড়ি এলাকা থেকে স্থানীয় কাঠুরিয়ারা এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে। তার বয়স আনুমানিক ৪৫ বছর।
বুধবার বিকাল সাড়ে ৩টার দিকে লাশ উদ্ধার করে উত্তর খুনিয়াপালংয়ে নিয়ে আসা হয়।
স্থানীয় সৈয়দ উল্লাহ জানান, তারা কয়েকজন কাঠ সংগ্রহ করতে জঙ্গলে যান। সেখানে অজ্ঞাত পরিচয় ওই ব্যক্তির লাশ দেখতে পান। জখম দেখে তারা নিশ্চিত হয়েছেন হাতির আক্রমণেই ওই ব্যক্তি মারা গেছে।
চকরিয়া ও রামু থানা পুলিশ বলেছে, তারা এ ব্যাপারে কিছু জানে না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৪৩ ঘ.
bdnews24