২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হঠাৎ নিম্ন আদালতে প্রধান বিচারপতি

প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক অনির্ধারিত সফরে বুধবার পুরান ঢাকায় নিম্ন আদালতের কার্যক্রম পরিদর্শন করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2010, 01:31 PM

Updated : 25 Aug 2022, 07:26 PM

ঢাকা, অক্টোবর ২০ (বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকম)- প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক অনির্ধারিত সফরে বুধবার পুরান ঢাকায় নিম্ন আদালতের কার্যক্রম পরিদর্শন করেছেন। সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত তিনি ঢাকার জেলা জজ, মহানগর দায়রা জজ, মুখ্য মহানগর হাকিমের আদালত, মুখ্য বিচারিক হাকিমের আদালতের বিভিন্ন এজলাসে ঘুরে ঘুরে বিচার কার্যক্রম দেখেন। এ সময় তার সঙ্গে ছিলেন সুপ্রীম কোর্টের রেজিস্ট্রার আশরাফুল ইসলাম। আকস্মিক এ সফরে প্রধান বিচারপতি সাধারণ পোশাকে এই আদালতগুলোর প্রায় ২৫টি এজলাসে ঢুকে মামলার দিনলিপি (কজ লিস্ট), মামলার তালিকা বইয়ে হাত দেন। এসময় তিনি বিচার প্রার্থীদের আসনে বসে বিচার কাজ দেখেন। এক পর্যায়ে তিনি ঢাকার জেলা জজ আদালতের খাস কামরায় বিচারক মো. জাহাঙ্গীর হোসেন বাদলের সঙ্গে কথা বলেন। এসময় ঢাকা আইনজীবী সমিতির সভাপতি সানাউল্লাহ মিয়া, সাধারণ সম্পাদক কাজী নজিবুল্লাহ হিরু, সহসভাপতি আবুল কালাম আজাদ, ঢাকার মহানগর দায়রা জজ আদালতের দুই বিচারক, ঢাকার জেলা জজ আদালতের বিচারকের খাস কামরায় প্রধান বিচারপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। ঢাকা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিচারকরা সময়মতো এজলাসে ওঠেন কি না তা জানতে চান প্রধান বিচারপতি। নজিবুল্লাহ হিরু জানান, প্রধান বিচারপতি এজলাসে আসন সংকট, বিদ্যুৎ সমস্যার সমাধানের ব্যাপারে সাহায্য করার আশ্বাস দেন। প্রধান বিচারপতির সফরের খবর আদালত পাড়ায় ছড়িয়ে পড়লে আদালত পুলিশের কর্মকর্তা, কয়েকটি গণমাধ্যমের সাংবাদিক হাজির হন। তিনি এবং রেজিস্ট্রার সাংবাদিকদের মুখোমুখি হননি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/পিডি/১৯২০ঘ.